ব্লগে আপত্তিকর লেখা পত্রিকায় প্রকাশ করে উত্তেজনা সৃষ্টির অভিযোগে আমার দেশ-এর কাছে ব্যাখ্যা চাইতে পারছে না ঢাকা জেলা প্রশাসন।মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে অবমাননাকর মন্তব্যকারীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের গঠিত কমিটির এ-সংক্রান্ত চিঠির জবাবে গতকাল মঙ্গলবার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট শেখ ইউসুফ হারুন এ তথ্য জানান। জেলা ম্যাজিস্ট্রেটের চিঠিতে এর জন্য দুটি কারণ দেখানো হয়েছে। এক. বিদ্যমান আইনে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং রাষ্ট্র ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এমন সংবাদ প্রকাশ করলে পত্রিকা বন্ধের এখতিয়ার জেলা ম্যাজিস্ট্রেটের নেই। দুই. সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমার দেশ-সংক্রান্ত একটি রিট বিচারাধীন আছে।গতকাল স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমেদের কাছে এই চিঠি পাঠানো হয়। এতে বলা হয়, ছাপাখানা ও প্রকাশনা আইন, ১৯৭৩-এর ২০(১) ধারা অনুযায়ী নির্দিষ্ট চারটি ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট পত্রিকার ঘোষণাপত্র বাতিল করতে পারেন। এগুলোর মধ্যে ধর্মীয় উন্মাদনা এবং রাষ্ট্র ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির কথা উল্লেখ নেই।জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, এর আগে মুদ্রণসংক্রান্ত জটিলতার কারণে ১৯৭৩ সালে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইনের ৭ ধারায় আমার দেশ পত্রিকার ঘোষণাপত্র বাতিল করা হয়েছিল। ওই বাতিল আদেশের বিরুদ্ধে পত্রিকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনওয়ারুন নবী তালুকদার হাইকোর্টে রিট করেন এবং এ বিষয়ে স্থগিতাদেশ পান। ওই স্থগিতাদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হলে ২০১০ সালের ১৫ জুন চেম্বার জজ হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দেন। ফলে পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে স্বরাষ্ট্রসচিবের পক্ষ থেকে সিভিল পিটিশন লিভ টু আপিল করা হলে চেম্বার জজের আদেশ প্রত্যাহার করা হয়। হাইকোর্টের আদেশ পুনর্বহাল হওয়ায় বর্তমানে পত্রিকাটির প্রকাশনা অব্যাহত আছে।ঢাকা জেলা প্রশাসন সূত্র জানায়, শুনানির সময় আদালত আমার দেশ পত্রিকার নথি তলব করে নেন। এরপর সেটি আর ফেরত পায়নি জেলা প্রশাসন। ফলে জেলা প্রশাসন পরবর্তী কোনো কার্যক্রম গ্রহণ করতে পারছে না। জেলা ম্যাজিস্ট্রেটের চিঠিতে বলা হয়, কয়েকবার পত্রযোগাযোগ করেও নথিটি পাওয়া যায়নি।২ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করেন। তিনি রিট আবেদনটির শুনানির ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ২০১০ সালে আপিল বিভাগের নির্দেশনা ছিল এক সপ্তাহের মধ্যে এ মামলার জবাব দাখিল করে বিষয়টি নিষ্পত্তি করার। কিন্তু পরবর্তী সময়ে জেলা প্রশাসক বা সরকারের পক্ষ থেকে জবাব না দেওয়ায় বিষয়টি আর এগোয়নি। সম্প্রতি এ বিষয়ে জেলা প্রশাসন সলিসিটর উইংয়ে জবাব দিয়েছে। এখন এর শুনানির সম্ভাবনা রয়েছে।সরকারের গঠিত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনউদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, ‘আমরা জেলা ম্যাজিস্ট্রেটের জবাব পেয়েছি। কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে।’সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের কয়েকজন মন্ত্রী এবং সরকারদলীয় কয়েকজন নেতা উসকানির অভিযোগে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলে আসছেন। এই পরিপ্রেক্ষিতে সাংবাদিক ইউনিয়নগুলোর একাংশ অভিযোগ করছে, সরকার পত্রিকাটি বন্ধের চেষ্টা করছে।