পত্রিকা বহনকারী গাড়ি ভাঙচুর চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমের কাজে নিয়োজিত সব গাড়িই হরতাল-অবরোধের আওতামুক্ত—বিএনপি বারবার এ কথা বললেও ঢাকার বাইরে এখনো এ কথা মানছেন না অনেকেই। মঙ্গল ও বুধবারের মতো গতকাল বৃহস্পতিবারও পত্রিকাবাহী গাড়ি ভাঙচুর করা হয়েছে।

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাসমতের দোকান এলাকায় বুধবার রাতে প্রথম আলো পত্রিকা বহনকারী মাইক্রোবাস (চট্ট মেট্রো-চ-১১-৩৯৪২) জামায়াত-শিবিরের কর্মীরা ইট ছুড়ে ভাঙচুর করেছেন। বগুড়ায় অবরোধকারীদের হামলা-ভাঙচুরের শিকার হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির একটি গাড়ি।

এর আগে গত মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, সংবাদপত্রবাহী ও গণমাধ্যমের ব্যবহূত গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহের গাড়ি হরতাল ও অবরোধের আওতামুক্ত। কিন্তু তা সত্ত্বেও পত্রিকাবাহী গাড়ি ভাঙচুর এবং সাংবাদিকদের ওপর হামলা চলছেই।

আমাদের সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি পত্রিকা বহনকারী এজেন্ট মোহাম্মদ শাহজাহানের উদ্ধৃতি দিয়ে জানান, প্রথম আলো পত্রিকা বহনকারী মাইক্রোবাস পত্রিকা নেওয়ার জন্য কক্সবাজার থেকে চট্টগ্রামে আসছিল। রাত ১০টার দিকে সাতকানিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাসমতের দোকান এলাকায় পৌঁছালে অবরোধকারীদের ইটের আঘাতে গাড়িটির কাচ ভেঙে চালক ইব্রাহিম আহত হন। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়ি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় গাড়ির সহকারী এনামও আহত হন। আহত গাড়িচালককে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

একই সময়ে অবরোধকারীদের ইটের আঘাতে রতন দেব (৩২), ছোটন দেব (২২), নয়ন দেব (২০), মো. শফি (২০) ও অশোক বড়ুয়া (৪৮) নামের আরও পাঁচজন যাত্রী আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বগুড়ায় অবরোধকারীদের হামলা-ভাঙচুরের শিকার হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির একটি গাড়ি। অবরোধকারীরা গাড়িটিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করলে চালক দ্রুত গাড়ি নিয়ে পালাতে গিয়ে আহত হন। বুধবার রাত পৌনে আটটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল নামক স্থানে ওই হামলার ঘটনা ঘটে।

হামলার সময় গাড়িতে থাকা আরটিভির অনুষ্ঠান বিভাগের একজন প্রযোজকের প্রডাকশন সহকারী শাহাদৎ হোসেন প্রথম আলোকে জানান, প্রযোজককে রেখে তাঁরা গাইবান্ধা থেকে বুধবার রাতে একটি মাইক্রোবাসযোগে ঢাকায় ফিরছিলেন। মাইক্রোবাসটির সামনে আরটিভির ব্যানার টানানো ছিল। রাত পৌনে আটটার দিকে মাইক্রোবাসটি বগুড়ার নয়মাইলে পৌঁছালে অবরোধকারীদের বাধার মুখে পড়ে। ১০ থেকে ১৫ জনের দলটি আরটিভির কর্মী পরিচয় জানার পর গাড়ি চালিয়ে যেতে বলে। সঙ্গে সঙ্গে পেছন থেকে চার থেকে পাঁচজন অবরোধকারী লাঠিসোঁটা ও রড হাতে গাড়ির পেছন থেকে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেন। এ সময় আরও কয়েকজন বোতল থেকে গাড়িতে পেট্রল ছিটাতে থাকেন।

অবস্থা বেগতিক দেখে চালক সাদেক আলী দ্রুত গাড়ি চালিয়ে চলে যেতে চাইলে অবরোধকারীদের ছোড়া ইট ও ভাঙা কাচের আঘাতে তিনি আহত হন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম আরটিভির গাড়িতে হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

ডিইউজের স্মারকলিপি: ১৮ দলের ডাকা হরতাল-অবরোধ কর্মসূচিতে ঢাকাসহ সারা দেশে সাংবাদিকদের ওপর বিক্ষিপ্ত হামলা, বোমা নিক্ষেপ ও সন্ত্রাসী ঘটনার প্রতিবাদে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি দিয়েছেন। এতে গণমাধ্যম ভবন ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিক নেতারা। বিজ্ঞপ্তি।