পত্রিকা বিক্রির বকেয়া টাকা চাওয়ায় হকারকে মারধর
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পত্রিকা বিক্রির বকেয়া টাকা চাওয়ায় গত শনিবার মেহেদি হাসান (২৬) নামের এক হকারকে বেধড়ক মারধর করা হয়েছে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল রোববার তিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
চিকিৎসাধীন মেহেদি হাসান বলেন, ‘উপজেলার পরিবার পরিকল্পনা সহকারী পরিদর্শক সামিউল ইসলাম আমার কাছ থেকে মাসিক গ্রাহক হিসেবে পত্রিকা নেন। তিনি সাত মাস ধরে পত্রিকার বিলের ১ হাজার ৯৫০ টাকা বকেয়া রাখেন। টাকা চাইলে আজ না কাল দেবেন বলে টালবাহানা করতে থাকেন। গত শনিবার সন্ধ্যায় আমাকে পাওনা টাকা দেওয়ার কথা ছিল। তাই ওই দিন (শনিবার) সন্ধ্যার দিকে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চণ্ডীমারী গ্রামে সামিউলের বাড়িতে গিয়ে আমি বকেয়া টাকা চাই। টাকা চাওয়ার একপর্যায়ে সামিউল উত্তেজিত হয়ে বাঁশের কাবারি দিয়ে আমাকে বেধড়ক পেটাতে থাকেন। পরে স্থানীয় লোকজন আমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আমি এ ঘটনার বিচার চাই।’
এ ব্যাপারে সামিউল গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মেহেদি আমার কাছে পত্রিকা বিক্রির টাকা পান, এ কথা সত্য। কিন্তু তিনি শনিবার দুপুরের পর আমার গ্রামের বাড়িতে গিয়ে আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীর কাছে পত্রিকার পাওনা টাকা চান। আমি তখন গ্রামের এক দোকানে বসে ছিলাম। স্ত্রীর কাছে টাকা চাওয়ায় বিষয়টি আমার ভালো না লাগায় আমি তাঁকে প্রথমে ধমক দিয়েছি। পরে রাগের মাথায় দু-চারটা চড়-থাপ্পড়ও দিয়েছি। তাঁকে আঘাত করা আমার উচিত হয়নি। শুনছি আমার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আমিও অভিযোগ দেওয়ার কথা ভাবছি।’
লালমনিরহাটের প্রধান সংবাদপত্র এজেন্ট সাজিদ আলম বলেন, ‘পত্রিকা বিক্রির পাওনা টাকা চেয়ে যদি হকারকে গ্রাহকের দ্বারা মারধরের শিকার হতে হয়, তাহলে ব্যবসা করব কীভাবে। অভিযুক্তের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করি।’
এ ব্যাপারে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত এজাহার পেয়েছি। তদন্তের জন্য উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’