পত্রিকা বিক্রেতাদের মধ্যে প্রথম আলোর রেইনকোট বিতরণ
মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মুন্সিগঞ্জে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর পক্ষ থেকে পত্রিকা বিক্রেতাদের (হকার) মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে। বিতরণের কাজে সহযোগিতা করে প্রথম আলোর সার্কুলেশন বিভাগ।ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:মানিকগঞ্জ: জেলার সাতটি উপজেলার ২৮ জন হকারের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে। বর্ষায় পত্রিকা বিক্রেতাদের সুবিধার্থে প্রথম আলো এ উদ্যোগ নেয়। এ সময় সার্কুলেশন বিভাগের বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক, সার্কুলেশন নির্বাহী গৌতম কুমার মন্ডল, আঞ্চলিক বিক্রয় নির্বাহী শাহাদাত হোসেন, প্রথম আলোর এজেন্ট স্বপন সাহা, সেলিম আহমেদ, নগেন সরকার, আফজল হোসেন ও শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন।রেইনকোট পেয়ে হকার আবদুল আলীম বলেন, ‘অ্যাতদিন বৃষ্টিতে ভিজাই পেপার দিতাম। অ্যাহন আর ভিজতে অইব না।’ সোহেল রানা নামের আরেক পত্রিকা বিক্রেতা বলেন, ‘প্রথম আলোর গ্রাহক বেশি। বৃষ্টি অইলে পেপার দিতে দেরি অইত। অ্যাহন আর তা অইব না।’ গাজীপুর: জেলার শ্রীপুর উপজেলার মাওনা-চৌরাস্তা এলাকায় আটজন হকারকে রেইনকোট দেওয়া হয়েছে। এ সময় প্রথম আলোর এজেন্ট আবদুস সালাম বলেন, রেইনকোট পাওয়ায় সময়মতো পত্রিকা পৌঁছানো যাবে। নরসিংদী: জেলার সদর, পলাশ ও বেলাব উপজেলার মোট ৩২ জন হকারকে রেইনকোট দেওয়া হয়েছে। এ সময় সার্কুলেশন বিভাগের নারায়ণগঞ্জের আঞ্চলিক বিক্রয় নির্বাহী আমিনুল ইসলাম, বিক্রয় নির্বাহী আবদুল্লাহ হেল রাফি ও প্রশাসন বিভাগের প্রধান শেখ জামাল আখতার উপস্থিত ছিলেন।মুন্সিগঞ্জ: জেলার বিভিন্ন এলাকার ৩২ জন হকারকে রেইনকোট দেওয়া হয়েছে। পত্রিকার এজেন্টদের মাধ্যমে হকারদের তালিকা সংগ্রহ করে এই রেইনকোট বিতরণ করা হয়। এ সময় রেইনকোট হাতে পেয়ে শহরের হকার রাজ কুমার বলেন, ‘প্রথম আলো আমাগো কষ্টের কথা বুইজা বৃষ্টিতে যাতে না ভিইজা সহজে পত্রিকা বিতরণ করতে পারি তারলেইগা রেইনকোট দিছে। আমরা হকার এই জন্য অনেক খুশি।’ এ সময় প্রথম আলোর এজেন্ট রবীন্দ্র নারায়ণ দত্ত (মুন্সিগঞ্জ সদর), আনোয়ার হোসেন (মাওয়াঘাট), জাকির হোসেন (শ্রীনগর) প্রমুখ উপস্থিত ছিলেন।