সংবাদপত্র বিলি করতে গিয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি-হয়রানি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের সহায়তা চেয়েছে হকারদের দুটি সংগঠন।
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি ও সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি গতকাল শনিবার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করে। এতে বলা হয়, তারা সরকারিভাবে নিবন্ধিত ও সব জাতীয় পত্রিকার মালিকদের সমর্থিত সংগঠন। নানা প্রতিকূলতার মধ্যে তারা বাড়ি বাড়ি গিয়ে গ্রাহকদের কাছে জাতীয় পত্রিকা ও সাময়িকী বিলি করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে, হকারদের গ্রাহক এলাকায় কোনো নতুন অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট তৈরি হলে এলাকার মাস্তান ও সংঘবদ্ধ প্রতারক চক্র হকারদের কাছে চাঁদা দাবি ও হয়রানি করছে। চাঁদা না দিলে এই চক্রটি পত্রিকা বিলিতে বাধা দেয়, সাইকেল নিয়ে যায় বা আটকে রাখে, টাকা ছিনতাইসহ প্রাণনাশের হুমকি দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার (৩ ডিসেম্বর) এ বিষয়ে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে একটি সভা হয়। সমিতির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন উভয় সমিতির মো. আলাউদ্দিন, মো. মুসলিম, আবদুল মোতালেব খান, নুরুল আমীন মিয়াজী, এম এ রাজ্জাক, কোরবান আলী প্রমুখ। সভা থেকে নির্বিঘ্নে পত্রিকা বিলি করার জন্য হকার সংগঠন দুটি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা পুলিশ কমিশনারের সহায়তা চান। সেই সঙ্গে অবস্থার উত্তরণের জন্য সব পত্রিকার মালিক ও সাংবাদিকদের এগিয়ে আসার অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তি।