দুঃখ-কষ্টে ওদের দিন কেটেছে। ওদের পড়ার খরচ জোগানোর সামর্থ্য ছিল না পরিবারের। নিজেরাই পরিশ্রম করেছে, ঘাম ঝরিয়ে নিজের পড়ার খরচ জুগিয়েছে। ওদের কেউ হকারের কাজ করেছে, কেউ করেছে জুতা সেলাই ও গৃহশিক্ষকের কাজ। তবু এবার এসএসসি পরীক্ষায় ওরা সবাই পেয়েছে জিপিএ-৫। পাঠক, চলুন ওদের জীবনের না-বলা গল্পটা আজ শুনি। জুতা সেলাইয়ের কাজ করে লিটনের সাফল্য: রংপুরের তারাগঞ্জ ও বুড়িরহাট বাজারে ফুটপাতে প্রায়ই ছেলেটিকে দেখা যায়। জুতা সেলাই ও পালিশের কাজ করে সে। নাম লিটন চন্দ্র দাস। উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে বাড়ি। সহায়-সম্বল কিছুই নেই। আছে শুধু পাঁচ শতাংশ জমির ওপর একটি বাড়ি। বাবা জগমোহন দাসের জুতা সেলাই ও পালিশের আয়ে আট সদস্যের সংসার চলে না। তাই লিটন শুক্রবার ও স্কুল ছুটির দিনে এ কাজ করে। সেই লিটন এবার এসএসসি পরীক্ষায় বুড়িরহাট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে।সংসারের কথা বলতে গিয়ে লিটনের চোখ দুটো ছলছল করে ওঠে। সে বলে, ‘খেয়ে না-খেয়ে লেখাপড়া করেছি। তেল কেনার পয়সা না থাকায় পাশের বাড়ির আঙিনায় বিদ্যুতের আলোয় লেখাপড়া করেছি।’বুড়িরহাট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবদুলাল রায় বলেন, ‘লিটন চন্দ্র দাস আমাদের মুখ উজ্জ্বল করেছে। অভাব-অনটনের জন্য আমরা ওর পাঠ্যবই ও পোশাক কিনে দিয়েছি।’আইলায় ভেসে গিয়েছিল কণিকার বই: ঘূর্ণিঝড় আইলায় ঘরবাড়ি ভেসে যায় ওদের। সঙ্গে মেয়েটির বইগুলোও। পরে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর আশ্রয় নেয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বীরসিংহ গ্রামের কণিকা রানী সরকার ও তার পরিবার। বইখাতার অভাবে মাঝে বেশ কিছুদিন তার পড়া ও স্কুলে যাওয়া বন্ধ ছিল। তাতেও দমে থাকেনি কণিকা। বাড়ি বাড়ি গিয়ে গৃহশিক্ষকের কাজ করেছে। নিজের পড়াও চালিয়ে গেছে নিয়মিত। পেয়েছে সাফল্য। সে এবার তপোবন মাধ্যমিক বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে।কণিকার মা সুমিতা রানী বলেন, ‘মেয়েকে ঠিকমতো খাওয়াতে পারিনি। জল কমে গেলে বাড়ি ফিরে এলেও এখনো ঘরদোর ঠিক করতে পারিনি। বইখাতার অভাবে ঠিকমতো পড়তে পারেনি মেয়েটা।’ ভবিষ্যতে একজন ব্যাংক কর্মকর্তা হতে চায় কণিকা। তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামরঞ্জন বিশ্বাস বলেন, মেয়েটি অনেক বড় হবে।বড় ভাইয়ের মতো বিধানও পেল জিপিএ-৫: বিধান কুমারের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মেলা গোপিনাথপুর গ্রামে। গোপিনাথপুর পাইলট হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে সবকটি বিষয়ে জিপিএ-৫ পেয়েছে সে। বিধানের বাবা শিবেন মোহন্ত গ্রাম্যচিকিৎসক। তাঁর দুই ছেলে। বড় ছেলে বাদলও ২০০৬ সালে একই স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছিলেন। তিনি এখন বগুড়া আযিযুল হক কলেজে স্নাতক (সম্মান) পড়ছেন। পড়ার জন্য বিধানকে খরচাপাতি দিতে হয়নি। বিধান নিজেই প্রাইভেট পড়িয়ে লেখাপড়ার খরচ চালিয়েছে।বিধানের স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুল মজিদ বলেন, ‘একটু সহায়তা পেলে বিধান আগামীতে আরও ভালো ফল করবে।’ গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুল আলম বলেন, চার শতাংশ জমির ওপর একটা বাড়ি ছাড়া আর কিছুই নেই ওদের। বিধানের মেধার কাছে দারিদ্র্য পরাজিত হয়েছে।পত্রিকা বেচে পড়েছে মামুন: ‘সাত বছর ধইরা গ্রামে গ্রামে পত্রিকা বিক্রি কইরা এত দিন কোনো রকমে লেখাপড়া চালাইছি। কিন্তু এখন ভালো কলেজে ভর্তি হইলে আমার পড়ালেখার খরচ দিব কে?’ এমনি আশঙ্কার কথা জানাল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী ও কারিগরি উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া আল মামুন। চতুর্থ শ্রেণীতে পড়া অবস্থায় সে বাবার সঙ্গে হকারের কাজে নামে। ভবিষ্যতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়ার ইচ্ছা তার। আল মামুন প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।বিদ্যাকুট গ্রামে মামুনদের বাড়িতে গিয়ে দেখা যায়, দেড় শতাংশ জমির ওপর ছোট্ট একটি ঘরে তিন ভাই, চার বোন ও বাবা-মা নিয়ে তাদের বিশাল সংসার। মামুনের বাবা গোলাম হুসেন (৪৫) বলেন, ‘একা পেপার বেইচ্যা সংসার চালাইতে পারি না। তাই মামুনেরে ছোডবেলা থাইক্যা পেপার বেচার কাজে লাগাইয়া দেই। এর পরও সে দুইডা বৃত্তি পরীক্ষায় ও ম্যাট্রিক পরীক্ষায় ভালা পাস দিছে।’ বিদ্যাকুট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, ‘মামুন গণিতে খুবই ভালো।’অন্যকে পড়ানোর ফাঁকে নিজে পড়ত কামরুন্নাহার: কুমিল্লার দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ত কামরুন্নাহার খান। বাবা আবুল কালাম খান ডেকোরেটরের দোকানে কাজ করেন। বাবার আয়ের টাকায় সংসারের পাশাপাশি তিন বোন ও এক ভাইয়ের পড়ার খরচ চালানো মুশকিল হয়ে পড়ত। অষ্টম শ্রেণীতে থাকা অবস্থায় কামরুন্নাহার গৃহশিক্ষকের কাজ শুরু করে। এতে সংসারে সাহায্য যেমন হয়েছে, তেমনি নিজের পড়ার খরচটাও হয়ে গেছে। কামরুন্নাহার জানায়, ‘বিদ্যালয়ের ক্লাস শেষে বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত টিউশনি করতাম। অন্যকে পড়ানোর ফাঁকে নিজের পড়ার কথা ভুলিনি। রোজ সন্ধ্যার পর রাত ১২টা পর্যন্ত এবং সকালে দুই ঘণ্টা নিজের পড়া চালিয়ে গেছি।’ এভাবে পড়াশোনা করে এবার জিপিএ-৫ পেয়েছে সে। কামরুন্নাহারদের বাড়ি বরকোটা স্কুল অ্যান্ড কলেজের পাশে। সে প্রাথমিক বৃত্তিও পেয়েছিল। অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহমেদ বলেন, কামরুন্নাহার মেধাবী ও স্বনির্ভর। সহযোগিতা পেলে সে আরও ভালো করবে।[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন গৌরাঙ্গ দেবনাথ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া); মো. আব্দুর রহমান, দাউদকান্দি (কুমিল্লা); রহিদুল মিয়া, তারাগঞ্জ (রংপুর); কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা ও রবিউল ইসলাম, আক্কেলপুর (জয়পুরহাট)]