পত্রিকা বেচে পড়ছেন ওঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওঁরা ছয়জন! অভাবের সংসারে খরচ জোগাতে পত্রিকা বিক্রয়কর্মীর কাজ করছেন। আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। তাঁদের বিশ্বাস জীবনে সাফল্য আসবেই।চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া গ্রামের মারুফ আহমেদ চুয়াডাঙ্গা সরকারি কলেজের দর্শন বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণীর ছাত্র। তিনি ২০০৭ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৪৪ এবং ২০০৯ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৪ পান। এসএসসি পাসের পর বর্গাচাষি বাবা পড়াশোনার খরচ চালাতে অপারগতা জানান। উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা পূরণে বাড়ি ছাড়েন মারুফ। শহরতলির দৌলাতদিয়াড়ে বড় বোনের বাড়িতে এসে ওঠেন। পড়াশোনার খরচ চালাতে এক বন্ধুর পরামর্শে সংবাদপত্র বিক্রয়কর্মী হিসেবে কাজ শুরু করেন। এখন পড়াশোনার খরচ চালানো ছাড়াও বোনের সংসারে আর্থিক সহায়তা করেন। মারুফ জানান, তাঁর লক্ষ আদর্শ শিক্ষক হওয়া।দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের হারুন অর রশিদ পত্রিকা বিক্রি করেই পড়াশোনার ধারাবাহিকতা ধরে রেখেছেন। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীতে পড়াশোনা করছেন। বাবা কালু মণ্ডল বর্গাচাষি। সংসারে অভাব-অনটন লেগেই আছে। পড়াশোনা চালিয়ে যেতে হারুন এক বছরেরও বেশি সময় ধরে সংবাদপত্র বিক্রয়কর্মী হিসেবে কাজ করছেন। এ কাজ করে তিনি পড়াশোনা চালানোর পাশাপাশি সংসারে আর্থিক সহযোগিতা করছেন। ভবিষ্যতে তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) হতে চান।২০০৩ সালে ষষ্ঠ শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় অর্থাভাবে শহরের সরদারপাড়ার রেজাউল ইসলামের পড়াশোনা বন্ধ হয়ে যায়। ওই সময় থেকে সংবাদপত্র বিক্রি করে বাবা ক্ষুদ্র ব্যবসায়ী শামসুল আলমকে আর্থিকভাবে সহযোগিতা করে আসছেন। রেজাউল জানান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র তাঁর এক বন্ধুর উৎসাহে চলতি বছর উন্মুক্ত বিদ্যালয়ে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা ভি জে সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের নবম শ্রেণীর ছাত্র। চুয়াডাঙ্গা শহরের জিনতলা মল্লিকপাড়ার রাহুল হোসেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। রাহুল জানান, ২০০৩ সালে সপ্তম শ্রেণীতে পড়ার সময় অর্থাভাবে তাঁর লেখাপড়া বন্ধ হয়ে যায়। এরপর পত্রিকা বিক্রয়কর্মী হিসেবে কাজ শুরু করেন। ২০০৮ সালে বন্ধুদের উৎসাহে তিনি উন্মুক্ত বিদ্যালয়ে ভর্তি হন। রাহুল কৃষিবিদ হতে চান।মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের ইমরান হোসেন চার বছর ধরে চুয়াডাঙ্গায় পত্রিকা বিক্রয়কর্মী হিসেবে কাজ করছেন। পত্রিকা বিক্রির পাশাপাশি তিনি উন্মুক্ত স্কুল সরকারি বালিকা বিদ্যালয়কেন্দ্রের দশম শ্রেণীর ছাত্র। ভবিষ্যতে তিনি শিক্ষক হতে চান। চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনির বাসিন্দা আবদুল্লাহ তিন বছর ধরে পত্রিকা বিক্রয়কর্মী হিসেবে কাজ করছেন। উন্মুক্ত স্কুল সরকারি বালিকা বিদ্যালয়কেন্দ্রের নবম শ্রেণীতে পড়াশোনা করছেন তিনি। আবদুল্লাহ উচ্চশিক্ষা শেষে প্রশাসনিক কর্মকর্তা হতে চান।