পত্রিকা সরবরাহের নামে শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সব প্রাথমিক বিদ্যালয় থেকে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেড় লাখ টাকা চাঁদা আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ স্কাউটসের একটি পত্রিকা সরবরাহের নামে তাঁরা এ টাকা আদায় করেন। এ নিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।সূত্র জানায়, গত ডিসেম্বর মাসে উপজেলার প্রাথমিক শিক্ষকদের মাসিক সভায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) আখতার হোসেন উপস্থিত শিক্ষকদের স্কাউটসের প্রকাশিত অগ্রদূত নামের পত্রিকাটি কেনার প্রস্তাব দেন। এ সময় তিনি আজীবনের জন্য পত্রিকাটি পেতে প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এক হাজার টাকা জমা দেওয়ার নির্দেশ দেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম তাঁর প্রস্তাব সমর্থন করেন। সূত্র জানায়, উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৫১টি। এর মধ্যে সরকারি বিদ্যালয় ৯৭টি, বেসরকারি বিদ্যালয় ৩৪টি ও কমিউনিটি বিদ্যালয় ২০টি। প্রতিটি বিদ্যালয়ের জন্য এই পত্রিকা কেনা বাধ্যতামূলক করা হয়েছে।জানা গেছে, স্কাউটসের সদর দপ্তর (৭০/০১ ইনার সার্কুলার রোড, কাকরাইল, ঢাকা) থেকে প্রতি মাসে ওই পত্রিকাটি প্রকাশিত হয়। এর মূল্য পাঁচ টাকা।উপজেলার কয়েকজন শিক্ষক ও শিক্ষকনেতার সঙ্গে কথা বলে জানা গেছে, স্কাউটসের ঊর্ধ্বতন পদে শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব আছেন। তাঁর বাড়ি হাজীগঞ্জে। জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওই কর্মকর্তার নাম ভাঙিয়ে শিক্ষকদের কাছ থেকে এ টাকা আদায় করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাকুর মজুমদার বলেন, ‘শিক্ষকদের মাসিক সভায় ডিপিইও স্যার পত্রিকাটি কেনার প্রস্তাব দিলে অনেক শিক্ষক আপত্তি করেন। তখন স্যার রেগে যান। পরে তিনি পত্রিকাটি নেওয়ার জন্য সবাইকে রাজি করান।’ শফিকুল ইসলাম বলেন, ‘আপনাদের কাছে এটি চাঁদা মনে হলেও আমি বলব, এটি তহবিল সংগ্রহ। এই এক হাজার টাকার মাধ্যমে প্রতিটি বিদ্যালয় আজীবন স্কাউটসের ওই পত্রিকাটি পাবে। প্রতি মাসে এসব বিদ্যালয়ে এ পত্রিকা সরবরাহ করা হবে।’ডিপিইও আকতার হোসেন বলেন, হাজীগঞ্জকে স্কাউটসের জন্য একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তর করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।