
সংবাদপত্রবাহী গাড়ি হরতাল-অবরোধের আওতামুক্ত হলেও কর্মসূচি আহ্বানকারী দলের নেতা-কর্মীরা তা মানছেন না। ১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে গতকাল মঙ্গলবার কুমিল্লা, গাইবান্ধা ও মাগুরায় পত্রিকা পোড়ানো হয়েছে। এর মধ্যে ছিল লক্ষ্মীপুরের উদ্দেশে পাঠানো ১২ হাজার পত্রিকা। এ ছাড়া কয়েকটি স্থানে বাধার কারণে পত্রিকা পৌঁছতে অনেক দেরি হওয়ায় বিলি করা যায়নি।
গণমাধ্যমের কাজে নিয়োজিত গাড়ি হরতাল-অবরোধের আওতামুক্ত —বিএনপি এ কথা বারবার বললেও ঢাকার বাইরে তা অনেকেই মানছেন না। গতকাল অবরোধের সময়
পত্রিকাবাহী গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা বিএনপির কেন্দ্রীয় নেতাদের নজরে আনা হলে তাঁরা এর নিন্দা জানিয়েছেন। মাঠপর্যায়ের নেতাদের এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংবাদপত্রবাহী গাড়ি ও গণমাধ্যমের ব্যবহূত গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহের গাড়ি হরতাল ও অবরোধের আওতামুক্ত। এটি দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে জানানো আছে। এ ধরনের যান চলাচলে কোনো বাধা নেই।
আরেকজন কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, তিনি বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে ফোনে এই বিষয়ে কথা বলবেন। এ ধরনের কাজ থেকে বিরত থাকতে তাঁদের কঠোর হতে বলা হবে।
বিভিন্ন স্থানে হামলা: ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি পত্রিকাবাহী গাড়ি সকালে কুমিল্লার নাথেরপেটুয়া এলাকায় অবরোধকারীদের কবলে পড়ে। অবরোধকারীরা গাড়ি থেকে সব পত্রিকা নামিয়ে পুড়িয়ে দেন। গাড়িটিতে লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলার ছয়টি এজেন্সির প্রথম আলোসহ মোট ১২ হাজার পত্রিকা ছিল।
সদর উপজেলার মেসার্স কবির পেপার হাউসের পরিচালক আবদুল্যাহ আল ফারুক বলেন, তাঁরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলা সদরের অদূরে ঠুটিয়াপুকুরে সকালে পত্রিকা বহনকারী একটি ভ্যানে আগুন ধরিয়ে দেন অবরোধকারীরা। এতে প্রথম আলোর আট শর বেশি কপি পুড়ে যায়। এ কারণে গতকাল জেলা শহরে পত্রিকা বিলি করতে দেরি হয়। অনেক এলাকায় পত্রিকা বিলি সম্ভবই হয়নি।
মাগুরা শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে প্রথম আলো পত্রিকাবাহী একটি পিকআপ আগুন দিয়ে পুড়িয়ে দেন অবরোধকারীরা।
পুলিশ ও পিকআপের চালক মো. মনু প্রথম আলোকে জানান, যশোরের নওয়াপাড়া থেকে তিনি পত্রিকাবাহী গাড়িটি নিয়ে দৌলতদিয়া ঘাটে যাচ্ছিলেন। রাত পৌনে নয়টার দিকে পিকআপটি (যশোর-ট-১১-১০৫৯) মাগুরা শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে এলে ১০-১২ জন যুবক এটিকে আটকে দেন। তাঁরা চালক ও সুপারভাইজারকে নামিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেন।
অন্যদিকে মেহেরপুর থেকে দৌলতদিয়া ঘাটে ফেরার পথে রাত নয়টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের হাটগোপালপুর এলাকায় সংবাদপত্রবাহী একটি বাস (ঢাকা মেট্রো- জ-৪৩৯০) অবরোধকারীরা ভাঙচুর করেন। এ সময় ভেঙে যাওয়া কাচে বাসচালক ফারুক হোসেনের কপালের পাশে কেটে যায়।
কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের ছয়সুতি এলাকায় সকালে পত্রিকাবাহী একটি বাস আটকে দেন অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে বাসটি পিকেটারদের কবল থেকে মুক্ত করে। কিন্তু বাসটি কিছু দূর যাওয়ার পর সামনে থাকা মালবাহী একটি ট্রাক অবরোধকারীদের বাধার মুখে আড়াআড়িভাবে উল্টে যায়। এতে পত্রিকাবাহী বাসটিও আটকা পড়ে। পরে ট্রাকটি সরিয়ে নিলে বেলা সাড়ে তিনটার দিকে পত্রিকাবাহী বাসটি কিশোরগঞ্জ শহরে পৌঁছায়। কিন্তু ওই সময় কোনো হকার না থাকায় পত্রিকা বিলি করা যায়নি।
এদিকে কুমিল্লা নগরে তিনজন আলোকচিত্রীকে মারধর করা হয়েছে। আগের রাতে ছাত্রদলের নিহত কর্মী দেলোয়ার হোসেনের লাশ গতকাল বেলা তিনটায় তাঁর বাসা দক্ষিণ চর্থা এলাকায় নিয়ে যায় পুলিশ। এ সময় ১৮ দলের নেতা-কর্মী ও ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের ভাড়া করা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন। কয়েকজন আলোকচিত্রী ঘটনাস্থলে ছুটে গেলে উত্তেজিত জনতা তাঁদের ওপর হামলা চালায়। এতে প্রথম আলোর কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের এম সাদেক, সমকাল-এর এন কে রিপন ও সাপ্তাহিক কুমিল্লার কথার আলোকচিত্রী দেলোয়ার হোসেন আহত হন। আহত ব্যক্তিদের কুমিল্লা ট্রমা সেন্টারে ভর্তি করা হয় বলে এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক জানান।
এদিকে দৈনিক যায়যায়দিন-এর মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রতিনিধি জালাল উদ্দিন ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে প্রহূত হয়েছেন। পেশাগত কাজে তিনি গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদে যান। এ সময় উপজেলা চত্বরে অবস্থান করা উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও ছাত্রলীগের কর্মী মনির হোসেন, জুলহাস উদ্দিন তাঁকে মারধর করেন। বাধা দিতে গেলে দৈনিক জনতার স্থানীয় প্রতিনিধি এ বি খান বাবুকে লাঞ্ছিত করা হয়। বাঁ কান ও মাথার পেছনে গুরুতর জখম হওয়া জালাল উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। জালাল উদ্দিন অভিযোগ করেছেন, প্রতিবেদন করার জেরে ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ও কিশোরগঞ্জ এবং মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, মাগুরা ও গাইবান্ধা প্রতিনিধি]