রাজধানীর শাহজাহানপুরে গতকাল শুক্রবার ভোরে পত্রিকাবাহী পিকআপ ভ্যান উল্টে মশিউর রহমান (২৮) নামের এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আহত হন পাঁচজন। বিমানবন্দর থানা ও ওয়ারী থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও দুজন।
শাহজাহানপুরে নিহত মশিউর রহমান দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ছাপাখানার কর্মচারী। আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। তাঁরা হলেন নূরুল আবছার, সুজন, বাহাদুর, আবুল খায়ের ও শাহাদত।
আহত নূরুল আবছার প্রথম আলোকে বলেন, তাঁদের ছাপাখানা বিমানবন্দর এলাকায়। গতকাল ভোরে পিকআপ ভ্যানে পত্রিকা নিয়ে বের হন তাঁরা। পত্রিকা বিভিন্ন স্থানে সরবরাহ করে তাঁদের বাসায় ফেরার কথা ছিল। কিন্তু পিকআপটি শাহজাহানপুরে পীরজঙ্গি মাজারের সামনে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে পিকআপটি উল্টে যায়। আহত হয় ছয়জন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মশিউরকে মৃত ঘোষণা করেন।
মশিউরের গ্রামের বাড়ি শরীয়তপুর সদরের রাজগাঁওয়ে। বাবার নাম ইউনুস সরদার।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনাটি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেলে ওয়ারী থানা এলাকার টিকাটুলীতে রাজধানী সুপার মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আয়েশা আক্তার (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তিনি কুমিল্লা থেকে ওয়ারীর স্বামীবাগে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সায়েদাবাদ থেকে রিকশায় টিকাটুলী এলাকায় আসার সময় তিনি বাসের ধাক্কায় আহত হন। পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বেলা ১১টার দিকে বিমানবন্দর গোলচত্বর এলাকায় একটি গাড়ির ধাক্কায় শাহজাহান আলী সরকার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শাহজাহান সাইকেলে খিলক্ষেতে থেকে বিমানবন্দর এলাকায় যাচ্ছিলেন। পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে তিনি নিহত হন।
বিমানবন্দর থানার এসআই শহীদুল ইসলাম ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছেন। শাহজাহানের গ্রামের বাড়ি লালমনিরহাটে।
ভবন থেকে পড়ে মৃত্যু: রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে গতকাল বিকেলে ভবন থেকে পড়ে মো. শাওন (২০) নামে এক যুবক মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, শাওন রায়েরবাজারে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও ফ্রিজ মেরামতের দোকানে কাজ করতেন। গতকাল তিনি উত্তরায় একটি নয়তলা ভবনের ছয়তলায় বাইরে এসি স্থাপনের কাজ করছিলেন। এ সময় তিনি সেখান থেকে নিচে পড়ে যান। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।