পথ আটকে রাখায় বাড়িছাড়া মুক্তিযোদ্ধার পরিবার
কুড়িগ্রামের রৌমারীতে এক মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের সদস্যরা ২৩ দিন ধরে নিজ বাড়িতে থাকতে পারছেন না। যুবলীগের এক প্রভাবশালী নেতা ওই বাড়িতে যাওয়ার পথ আটকে রাখায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই কারণে ওই মুক্তিযোদ্ধার দুই সন্তান বিদ্যালয় ও কলেজে যেতে পারছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ও থানায় বেশ কয়েকবার লিখিত অভিযোগ করার পরও বাড়িতে ঢুকতে পারেননি তাঁরা। ওই মুক্তিযোদ্ধার নাম গোলাম মোস্তফা। তাঁর বাড়ি উপজেলার ভিটাবাড়ি গ্রামে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই গোলাম মোস্তফার এক মেয়ের সঙ্গে প্রতিবেশী ও উপজেলা যুবলীগের সদস্য আবিদ শাহরিয়ারের স্ত্রীর ঝগড়া হয়। বাড়ির সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে রৌমারী থানায় পাল্টাপাল্টি মামলা হয়।গোলাম মোস্তফা অভিযোগ করেন, ‘আবিদ শাহরিয়ারের জমির ওপর দিয়ে আমাদের বাড়িতে যেতে হয়। গত ৮ জুলাইয়ের ঘটনায় আমি ও আমার পরিবারের সদস্যরা মামলা করার জন্য থানায় যাই। এরপর থেকে তাঁরা ওই পথ আটকে রাখায় আমরা বাড়িতে ঢুকতে পারছি না।’ গোলাম মোস্তফার বড় ভাই দুলু মিয়া বলেন, তাঁর ভাই, ভাইয়ের স্ত্রী ও সন্তানেরা এখন তাঁদের আত্মীয়ের বাড়িতে থাকছেন। তাঁর মেয়ে আয়শা খাতুন বলেন, ‘আবিদ শাহরিয়ার ও তাঁর বড় ভাই আওয়ামী লীগ করেন। তাঁর চাচাতো ভাই রেজাউল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই কারণে পুলিশ আমাদের কথা শোনে না।’উপজেলা যুবলীগের সদস্য আবিদ শাহারিয়ার বলেন, ‘ওরা আমার বাবার জমিতে ঘর তুলে থাকে। আর আমাদের সঙ্গেই বেয়াদবি করে। তাই আমাদের জমির ওপর দিয়ে তাদের যাতায়াত করতে নিষেধ করে দেওয়া হয়েছে।’আওয়ামী লীগের নেতা রেজাউল ইসলাম বলেন, তাদের বাড়িতে যেতে বাধা দেওয়া হয়নি। তারা ইচ্ছে করে বাড়িতে না গেলে আমরা কী করব।’ রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বলেন, ‘প্রথম কয়েক দিন সমস্যা হয়েছিল। কিন্তু এখন তো আর কোনো বাধা নেই। তারা ইচ্ছা করেই বাড়িতে যায় না।’ইউএনও এ কে এম শওকত আলম মজুমদার বলেন, ‘ওই বিষয়টি নিয়ে থানায় মামলা হয়েছে। তাই যা হবে, মামলার মাধ্যমেই হবে। আমার করার কিছুই নেই।’