
নড়বড়ে কাঠের পাটাতনের ঝুঁকিপূর্ণ সেতু। তলায় জমা হয়ে আছে বারোয়ারি বর্জ্য। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে কেউ কেউ নাক চেপে ধরেছে।
সেতু পার হয়ে কেউ যাচ্ছে নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কেউ কেউ পূর্ব রসুলপুর প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ে। সেতু পেরিয়ে রাস্তাটিও ভাঙাচোরা। যাতায়াত করতে গিয়ে রাস্তায় খানাখন্দে হোঁচট খাচ্ছে অনেকেই।
পশ্চিমাঞ্চলীয় বেড়িবাঁধ থেকে কামরাঙ্গীরচর রসুলপুরে ঢোকার পথেই এই সেতু। সেতুর নিচে ও দুপাশে বুড়িগঙ্গার শাখানদীর অন্তত আধা কিলোমিটার অংশ আবর্জনায় ভরাট হয়ে গেছে। শাখানদীটিকে আর নদী বলে চেনা যায় না, মনে হয় নর্দমা।
সেতুর নিচে পলিথিন ব্যাগের স্তূপ, যেন স্থায়ীভাবে বসে গেছে। আছে গৃহস্থালির বর্জ্য, নানা পথে আসা হাজারীবাগ ট্যানারির তরল বর্জ্যও মিশেছে তার সঙ্গে। পচে-গলে দুর্গন্ধ ছড়াচ্ছে।
এখান থেকেই পলিথিন ব্যাগ সংগ্রহ করে এলাকার বস্তিবাসী। শুকাতে দেয় বেড়িবাঁধের ওপরে। রসুলপুরেরই কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, ব্যবহৃত এসব পলিথিন ব্যাগ শুকিয়ে আবার চলে যায় কাঁচাবাজার আর পাড়া-মহল্লার মুদি দোকানে। কেনাকাটার পর সেই পলিথিন ব্যাগ চলে আসে নগরবাসীর বাড়িতে।
রসুলপুর এলাকাটি দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। জানতে চাইলে কাউন্সিলর মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, পলিথিনসহ সব ধরনের বর্জ্য ফেলার জন্য নিষেধ করা সত্ত্বেও লালবাগ ও আশপাশের লোকজন এখানে বর্জ্য ফেলে। গাড়ির সংখ্যা কম থাকায় সিটি করপোরেশন সব সময় ময়লা পরিষ্কারও করতে পারে না। পলিথিন শুকিয়ে আবার ব্যবহারের বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
বেহাল রাস্তাঘাট: রসুলপুর সেতু পেরিয়ে পূর্ব রসুলপুরে ঢুকতেই দেখা গেল ভাঙাচোরা রাস্তা। পূর্ব রসুলপুরে এমন কোনো রাস্তা দেখা গেল না, যেটি নির্বিঘ্নে হাঁটার উপযোগী। খলিফা ঘাট, রনি মার্কেট এলাকা, খালপাড় রোড—সব রাস্তাই খানাখন্দে ভরা। ইসলাম নগরেই দেখা গেল, এ রকম ১৬টির মতো রাস্তা। একই অবস্থা বড়গাঁও, ঝাউচর, হাজি আবদুল্লাহপুর, হুজুরপাড়া—সব এলাকার রাস্তাগুলোর। কোনো রাস্তায় হাঁটতে গেলে কাদায় পা ডুবে যায়। কোনো রাস্তার ঢালাই উঠে গিয়ে ইট বেরিয়ে গেছে।
দুদিন আগে সকালের বৃষ্টিতে রাস্তাঘাটের দশা আরও করুণ। সম্প্রতি বেলা সাড়ে ১১টার দিকে খলিফাঘাট রোডে চোখের সামনেই উল্টে যায় একটি রিকশা। তৃতীয় শ্রেণিতে পড়া ছেলে সজীবকে নিয়ে ওই রিকশায় স্কুলে যাচ্ছিলেন জামিল হোসেন। কাদায় পড়ে চিৎকার করছিল সজীব। ব্যথা যা পেয়েছে তার চেয়ে বেশি কষ্ট—কাদায় মাখামাখি হয়ে গেছে তার স্কুলব্যাগ। ক্ষোভ জানিয়ে জামিল হোসেন বলেন, ‘দেখেন, কী অবস্থার মধ্যে এখানে আমরা বসবাস করি। এমপি বা সিটি করপোরেশনের লোকেরা বোধ হয় মানেন না যে, আমরাও রাজধানীর বাসিন্দা।’
পূর্ব রসুলপুরের বাসিন্দা কাপড় ব্যবসায়ী আবদুল আলিম, খলিফাঘাট এলাকার রতন স্টোরের কর্মচারী আবদুর রশিদ, খালপাড় রোডের ফলের দোকানি মন্টু মিয়া—সবারই এক কথা, গত এপ্রিলে সিটি করপোরেশন নির্বাচনের আগে ও পরে এসব রাস্তার কোনো সংস্কার হয়নি।
ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন বলেন, এসব এলাকা আগে ছিল ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত। সিটি করপোরেশনের আওতায় এসেছে বেশি দিন হয়নি। ফলে রাস্তাঘাট বরাবরই খারাপ ছিল। বৃষ্টিতে আরও খারাপ হয়েছে।
দক্ষিণ সিটি করপোরেশনের ৩ নম্বর অঞ্চল কার্যালয়ের প্রকৌশল বিভাগ থেকে জানা যায়, গত ২৪ আগস্ট এই এলাকার তিনটি রাস্তার দরপত্র হয়েছে। এগুলো হচ্ছে রসুলপুর ব্রিজ থেকে খোলামোড়া ঘাট, বড়গাঁও চেয়ারম্যান মোড় থেকে বুড়িগঙ্গা ঘাট এবং ঝাউচর বেড়িবাঁধ থেকে গাজীরঘাট পর্যন্ত সড়ক। খরচ হবে ২২ কোটি টাকা। পুরো ইসলামপুর, হাজি আবদুল্লাহপুর, হুজুরপাড়ার জন্যও ২০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এক থেকে দেড় মাসের মধ্যে দরপত্র আহ্বান করা হবে।