কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ দুই মেয়র পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে এবং দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন বলে জানান।
গতকাল রোববার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল হাসান ওরফে দুলাল রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আকতার হোসেন আজাদের হাতে মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আকতার হোসেন আজাদ বলেন, গতকাল দুপুরে দুজন মেয়র পদপ্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা মেয়র পদপ্রার্থী হিসেবে কাজিউল ইসলামের নাম প্রস্তাব করে কেন্দ্রীয় কমিটিতে পাঠান। পরে কেন্দ্র আবদুল জলিলকে মনোনীত করে। এতে ক্ষুব্ধ কাজিউল ইসলাম স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়ে গণসংযোগ শুরু করেন। এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল হাসান ওরফে দুলালও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন। এতে নেতা-কর্মীরা অস্বস্তিতে পড়েন। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী দলের স্বার্থে দুজনকে মনোনয়নপত্র প্রত্যাহার করাতে রাজি করান।
দুই ‘বিদ্রোহী’ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় কুড়িগ্রাম পৌরসভায় এখন আওয়ামী লীগের প্রার্থী আবদুল জলিল ও বিএনপির প্রার্থী নুর ইসলাম ওরফে নুরু প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত নির্বাচনে নুর ইসলামের কাছে আবদুল জলিল পরাজিত হন।
মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ওই দুই নেতার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জাফর আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।