পথ নেই, বিপদে ৪০ হাতি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরের কারণে ৪০টি হাতি বিপদে পড়েছে। হাতিগুলো টেকনাফ-উখিয়ার সংরক্ষিত বনভূমির পশ্চিম দিকে ছয়-সাত মাস ধরে আটকে আছে। খাদ্য সংগ্রহের জন্য তারা শিবির পার হয়ে বনের পূর্ব দিকে যেতে পারছে না।
প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট আইইউসিএন বাংলাদেশ কার্যালয় এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের একটি যৌথ সমীক্ষায় এমন তথ্য এসেছে। হাতি বিচরণ করে এমন ২৪০ বর্গকিলোমিটার এলাকায় সরেজমিনে পরিদর্শন করে সংস্থা দুটির গবেষকেরা ওই জরিপটি করেছেন।
মিয়ানমারের রাখাইনে নির্যাতনের শিকার হয়ে গত আট মাসে প্রায় ছয় লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। তারা টেকনাফ ও উখিয়ার বিভিন্ন শিবিরে রয়েছে।
কক্সবাজারের উখিয়া-টেকনাফে পাহাড়ি এলাকায় এশীয় প্রজাতির ওই সব হাতি বিচরণ করে। সেখানে কোনো ধরনের স্থাপনা ও মানুষের বিচরণ করা নিষেধ। এমন সাইনবোর্ডও বন বিভাগের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে। কিন্তু বিভিন্ন সংস্থা সেখানে আশ্রয়শিবির ও কার্যালয় স্থাপন করেছে। ফলে ওই ৪০টি হাতি অন্যত্র যেতে না পেরে শিবিরের আশপাশে ঘোরাফেরা করছে। এ ছাড়া ওই এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে প্রায় ৭০ বর্গকিলোমিটার বনভূমির বৃক্ষ পুরোপুরি উজাড় হওয়ায় হাতিগুলো খাদ্য, পানি ও আশ্রয়সংকটের মুখে পড়েছে।
‘কক্সবাজারের কুতুপালং শিবির এলাকায় হাতির বিচরণ, মানুষ-হাতির সংঘাতপূর্ণ অবস্থা এবং হস্তক্ষেপের সম্ভাব্য ক্ষেত্র’ শীর্ষক ওই সমীক্ষায় দেখা গেছে, এ পর্যন্ত চারবার হাতির বড় ধরনের আক্রমণে ১৩ জন রোহিঙ্গা মারা গেছে। আহত হয়েছে ২০ থেকে ৩০ জন। স্থানীয় বাঙালি জনগোষ্ঠীর ফসলি জমি ও বাড়িঘরও হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ব্যাপারে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মহসীন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘রোহিঙ্গা শিবির এলাকায় হাতির যাতায়াতের ফলে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, এ জন্য আমরা বন বিভাগের স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেছি। শিবিরগুলোর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছি।’
সমীক্ষা প্রতিবেদনে রোহিঙ্গা শিবিরের ভেতর দিয়ে হাতির পথ করে দেওয়া পরামর্শ দেওয়া হয়েছে। হাতি শিবিরের দিকে আসার খবর অগ্রিম জানতে সেখানে পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণের জন্য বলা হয়েছে। হাতি চলাচল করে, এমন ৫৬টি স্থান চিহ্নিত করে সেখানে হাতি তদারকের জন্য ২৬টি দল গঠনের সুপারিশ করা হয়েছে।
এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, হাতিগুলো বনের পশ্চিম অংশে আটকে আছে। সেখানে পানি ও খাদ্যের সংকটও দেখা দিয়েছে। ফলে প্রাণীগুলো খাদ্যের খোঁজে রোহিঙ্গা শিবিরের ভেতর দিয়ে পশ্চিমাংশে যেতে চাইবে। আর মার্চ থেকে মে পর্যন্ত ঝড়-বৃষ্টি ও জুন থেকে আগস্ট পর্যন্ত মৌসুমি বায়ুজনিত বৃষ্টি, অর্থাৎ বর্ষা শুরু হবে। তখন হাতিগুলো অস্বাভাবিক বা উন্মত্ত আচরণ করতে পারে।
সমীক্ষায় দেখা গেছে, কুতুপালং রোহিঙ্গা শিবিরের আশপাশের ১৬০টি স্থানে হাতির মল ও ৬৩০টি স্থানে হাতির পায়ের ছাপ রয়েছে। ওই মল ও পায়ের ছাপগুলো দেখে গবেষক দলটি মনে করছে, হাতিগুলো নিয়মিতভাবে শিবির পার হয়ে বনের পশ্চিমাংশে যাওয়ার চেষ্টা করছে। তবে স্থানীয় রোহিঙ্গারা তাদের জানিয়েছেন, হাতি সেখানে আসার চেষ্টা করলে রোহিঙ্গারা দল বেঁধে লাঠিসোঁটা নিয়ে সেগুলোকে তাড়া দেয়। ফলে তারা আবারও বনের দিকে ফিরে যায়।
আইইউসিএন বলছে, বন্য এশীয় হাতি বাংলাদেশের মহাবিপন্ন প্রজাতির প্রাণী। এরা মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের ভেতর দিয়ে দল বেঁধে বিচরণ করে। ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া ও মিয়ানমার সীমান্তে মাইন পুঁতে রাখায় প্রতিবছর দুই থেকে তিনটি হাতি মারা যাচ্ছে। এখন এসব হাতির জন্য নতুন বিপদ হিসেবে হাজির হয়েছে তাদের বিচরণ এলাকায় স্থাপন করা রোহিঙ্গা শিবির।
এ ব্যাপারে জানতে চাইলে আইইউসিএন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ রাকিবুল আমিন প্রথম আলোকে বলেন, হাতিগুলোকে তাদের নিয়মিত পথ দিয়ে চলাচল করার সুযোগ দিতে হবে। নয়তো হাতি ও মানুষ উভয়ের ক্ষতি সামনের দিনে আরও বাড়বে। ফলে ওই এলাকায় হাতির দীর্ঘমেয়াদি তদারক দরকার।