পথ-মত ভিন্ন, তবু তাঁরা এক মঞ্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার পথ ও মত ভিন্ন। মিছিলে-ভাষণে একে অপরের প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী। কখনো কখনো আদর্শের সংগ্রামে রাজপথে একে অন্যের মুখোমুখিও হন। মুখর হন সমালোচনায়। সেই পরস্পর বিপরীত মতাদর্শের একদল মানুষ একই মঞ্চে একত্রিত হয়েছিলেন একজন রাজনীতিবিদকে সম্মান জানাতে, সংবর্ধনা দিতে। এ সময় সবার কণ্ঠে উচ্চারিত হয় দেশ ও দেশের মানুষের কথা।এ রকম একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল গত শনিবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের এম সাইফুর রহমান মিলনায়তনে। মৌলভীবাজারের রাজনীতিবিদ সৈয়দ আবু জাফর আহমদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দশম কংগ্রেসে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নাগরিক কমিটি তাঁকে সংবর্ধনা দেয়।মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ ও মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক এ এম ইয়াহিয়া মুজাহিদ। বক্তব্য দেন সংবর্ধিত নেতা সৈয়দ আবু জাফর আহমদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও বিএনপির নেতা ফয়জুল করিম ময়ূন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট বিভাগের সমন্বয়ক উজ্জ্বল রায়, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) জেলা শাখার সাধারণ সম্পাদক নীহারেন্দু হোম চৌধুরী, গণফোরামের জেলা সভাপতি বকশী ইকবাল আহমদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, সংবর্ধিত সৈয়দ আবু জাফর আহমদের স্ত্রী কাউছার পারভীন প্রমুখ।সংবর্ধনার জবাবে সৈয়দ আবু জাফর আহমদ বলেন, ‘আজ আমার কাছে শ্রেষ্ঠ দিন। কারণ সব দলমতের মানুষ আমাকে সংবর্ধিত করেছেন।’ তিনি বলেন, ‘দেশ আজ নানা সংকটে। গণতন্ত্র হুমকির মুখে। এই পরিস্থিতিতে গণতন্ত্র রক্ষা করতে রাজনীতিকে আগে বাঁচাতে হবে।’