পথ সুগম, যাত্রা অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা–বাবার সঙ্গে চাটমোহরের মোবারক হোসেন, মাঈদুল ইসলাম ,নিরঞ্জন নাথ
মা–বাবার সঙ্গে চাটমোহরের মোবারক হোসেন, মাঈদুল ইসলাম ,নিরঞ্জন নাথ

ছোট্ট কুঁড়েঘরের ছনের বেড়া ভেদ করে দিনের আলো যতটুকু এসে পৌঁছে, ততটুকু দিয়েই পড়াশোনা করে এসেছেন মোবারক হোসেন। ঘরের আলো যত কমই থাক, উজ্জ্বল ভবিষ্যৎ তাঁর জন্য অপেক্ষা করছে। তবু অনিশ্চিত হয়ে পড়েছে সে যাত্রা।
ময়মনসিংহ মেডিকেল কলেজে মেধাতালিকায় স্থান পেয়েছেন, ভর্তিও হয়েছেন। তবু তাঁর পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মোবারক হোসেন পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামের ভ্যানচালক মজিবর রহমানের ছেলে।
একই সমস্যায় পড়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ি গ্রামের বাদাম বিক্রেতা রফিকুল ইসলামের ছেলে মাঈদুল ইসলাম ও লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মধ্যগড্ডিমারী গ্রামের নরসুন্দর রবীন্দ্র নাথের ছেলে নিরঞ্জন নাথ। তাঁরা দুজনই রাজশাহী মেডিকেল কলেজে মেধাতালিকায় স্থান পেয়েছেন।
এই তিন তরুণের কেউ ধারদেনা করে, কেউ অন্যের সহায়তায় ভর্তির টাকা জোগাড় করেছেন, ভর্তিও হয়েছেন। কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে বাকি টাকা কীভাবে জোগাড় হবে, তা নিয়ে শঙ্কায় আছেন এখন।
ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছেন মোবারক: পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ (গোল্ডেন) পান মোবারক। তাঁর বাবা মজিবর রহমান পেশায় ভ্যানচালক, মা গৃহিণী। তীব্র অভাব-অনটনের মধ্যে পড়াশোনা চালিয়ে এসেছেন মোবারক। তাঁর বাবা মজিবর রহমান বলেন, ‘ভ্যান চালায়ে এত দিন বেটারে পড়াইছি। এহন গতরে বেশি শক্তিও নাই। শুনছি ডাক্তারি পড়ায় মেলা খরচ, মাসে মাসে টাকা লাগে। এত টাকা কনে পাবো সিডাই ভাবি।’ মা মইফুল খাতুনের চোখে-মুখেও দুশ্চিন্তার ছাপ। তিনি বলেন, সারাক্ষণ ছেলের পড়ার খরচের দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
চাটমোহর ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পাস করেন মোবারক। ওই কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ‘ছেলেটি অনেক বড় মানুষ হবে, এটা বোঝা যায়। তাই আমরা সহযোগিতা করে কলেজ পার করে দিয়েছি। এখন কী হবে সেটাই ভাবি।’
মাঈদুল এখন রাজশাহী মেডিকেলের ছাত্র: গ্রাম থেকে শহরে গিয়ে ফেরি করে বাদাম বিক্রি করে সংসার চালান মাঈদুলের বাবা রফিকুল ইসলাম। সামান্য ওই আয়ে তাঁদের সংসার না চললেও ছেলের পড়াশোনা করানোর ব্যাপারে অটল থাকেন রফিকুল। প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পান মাঈদুল। শিক্ষকদের সহযোগিতায় এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পান। সেই মাঈদুল এবার রাজশাহী মেডিকেলে কলেজে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান পেয়েছেন।
রফিকুল ইসলাম জানান, বসতবাড়ির ১০ শতক জমি ছাড়া তাঁর আর কোনো সম্পদ নেই। বর্তমানে বাদাম বিক্রিও কম। দুবেলা ঠিকমতো খাবার জোটে না। অভাবের তাড়নায় ছোট ছেলে জাইদুল লেখাপড়া ছেড়ে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ নিয়েছেন। ছোট মেয়ে সালমা সপ্তম শ্রেণিতে পড়ে।
নিরঞ্জনও রাজশাহী মেডিকেলে: নিরঞ্জনের বাবা রবীন্দ্র নাথ নরসুন্দর হিসেবে কাজ করে কোনো রকমে সংসার চালিয়ে আসছেন। গৃহশিক্ষকতা করে এবং প্রতিবেশীদের সহযোগিতায় পড়শোনা করে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পান নিরঞ্জন। এবার রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান পেয়েছেন নিরঞ্জন। কিন্তু ভর্তি ফি ও পড়াশোনার খরচ চালানো নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
রবীন্দ্র নাথ জানান, বসতবাড়ির ১০ শতাংশ জমিতে দুটি টিনের চালায় পরিবার নিয়ে বাস করেন তিনি। নরসুন্দর হিসেবে কাজ করে কোনো রকমে সংসার চলছে তাঁর। পাশাপাশি তিন ছেলেমেয়ের পড়াশোনাও চালাচ্ছেন। ছোট ছেলে জয়দেব প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে। একমাত্র মেয়ে কনিকা রানী হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। এখন বড় ছেলে নিরঞ্জনের মেডিকেলে পড়ার খরচ জোগাড় করা নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সরোয়ার মোর্শেদ, পাবনা; সফি খান, কুড়িগ্রাম এবং এ বি সফিউল আলম, পাটগ্রাম (লালমনিরহাট)}