পথ হারানো ছয় শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে এসব শিশু। ছবি: কমল জোহা খান
ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে এসব শিশু। ছবি: কমল জোহা খান

ছোট্ট মেয়েটির মুখে মিষ্টি হাসি। পরনে পাতলা একটি জামা আর ন্যাপি। ছেলে কাউকে দেখলেই ‘মামা’, ‘মামা’ করে ডাক দিয়ে ওঠে সে। শিশুটির বয়স আনুমানিক দুই বছর। নিজের নাম বলতে পারে না সে।

রাজধানীর তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে সে। সেখানে সবাই তাকে আদর করে ডাকছে মিম নামে। শুধু মিম নয়, গত দুই সপ্তাহে পথ হারানো ছয় শিশুকে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গা থেকে পেয়ে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়েছে  পুলিশ।
মিম ছাড়া আরও যে পাঁচজন শিশু তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে, তারা হলো ভোলার শিরিনা (৪), ময়মনসিংহের হূদয় সূত্রধর (৬), সিলেটের সজীব (৬), ঢাকার মিরপুরের চান মিয়া (৬) ও ভোলার সাগরিকা (৮)। তারা নিজেদের নাম ও জেলার নাম বলতে পারলেও ঠিকানা সম্পর্কে কোনো ধারণা নেই তাদের। তাই স্বজনের সন্ধানে আজ রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যকেন্দ্রে গণমাধ্যমের সামনে তাদের আনা হয়।

ভিকটিম সাপোর্ট সেন্টারের পুলিশের উপপরিদর্শক আইরিন আক্তার জানান, মা-বাবার কাছ থেকে দূরে থাকলেও হারিয়ে যাওয়া ছয় শিশুর কেউই কান্নার রোল তুলছে না। বরং মনের আনন্দে সারা দিন ভিকটিম সাপোর্ট সেন্টারে খেলা করাই তাদের কাজ। তিনি বলেন, ‘আমাদের ওখানে প্রচুর খেলনা ও খেলার জায়গা আছে।

 সেখানে খেলনা দিয়ে খেলা করে ওরা। তা ছাড়া ভালো খাবারও খেতে দেওয়া হয়।

হারিয়ে যাওয়া দুই শিশু। ছবি: কমল জোহা খান
হারিয়ে যাওয়া দুই শিশু। ছবি: কমল জোহা খান

তাই বোধ হয় শিশুরা মা-বাবার কথা বলছে না।’ মিম সম্পর্কে উপপরিদর্শক আইরিন আক্তার বলেন, ‘মেয়েটি ঠিকমতো কথাই বলতে পারছে না। তাই আমরাই ওকে মিম বলে ডাকছি। ৩১ জুলাই গুলিস্তানের গোলাপশাহ মাজারের সামনে থেকে শিশুটিকে পেয়ে এক ব্যক্তি আমাদের কাছে রেখে যান।’ যে ছয় শিশু ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে, তাদের মধ্যে একজন চান মিয়া। মিরপুর এলাকায় চান মিয়ার সন্ধানে গত দুই দিন রিকশায় করে মাইকিং করেছেন তার স্বজনেরা।

পুলিশের কাছ থেকে তথ্য নিয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করে চান মিয়াকে খুঁজে পেয়েছেন তার বাবা মোজাম্মেল ও মা বিবি সখিনা। এ দুজনের পরিচয়পত্রসহ অন্যান্য বিষয় যাচাই করে চান মিয়াকে হস্তান্তর করা হবে বলে জানান ভিকটিম সাপোর্ট সেন্টারের উপপরিদর্শক আইরিন আক্তার।