পথ হারিয়ে নগরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না, অফিসের কর্মচারীরা সময় মতো এসেছেন কি না, তা দেখার জন্য নয়, এসেছিল ভুল করে। হয়তো বা পথ হারিয়েই। ঠিক কবে এসেছিল, তা হলফ করে কেউ তা বলতে পারবে না। কারণ, গত বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফেরার সময় তাকে কেউ দেখেনি।

গতকাল শনিবার সকালে অফিসের দরজা খুলেই চোখে পড়ে তাকে। মুখ ফিরিয়ে বসে ছিল। দেখতে খানিকটা কবুতরের মতো। শরীরে রং হালকা সোনালি। কোথাও ধূসর ছোপ। প্রাণীটি মুখ ফেরাতেই ভুল ভেঙে যায়। এটি লক্ষ্মীপ্যাঁচা।

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার যমুনা শিপ ব্রেকার্স ভবনের ১০ তলার ওপর নামাজঘর। গতকাল সকালে ঘরের দরজা খুলেই প্রাণীটি প্রথমে দেখেন অফিসের কর্মচারী মো. মনির হোসেন। তিনি বলেন, ‘সকাল পৌনে নয়টায় অফিসের নামাজঘরের দিকে তাকাতেই হঠাৎ চোখে পড়ে এটি। প্রথমে কবুতর মনে করেছিলাম।’

গতকাল দুপুরেই প্রাণীটি চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়। চিড়িয়াখানার প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন নিশ্চিত করেন এটি লক্ষ্মীপ্যাঁচা। তাঁর কাছ থেকেই জানা গেল, অত্যন্ত নিরীহ প্রকৃতির প্রাণীটির বসবাস লোকালয়ের বাইরে। পোকামাকড় খেয়ে বাঁচে। এটির ওজন ৪০০ থেকে ৫০০ গ্রামের কাছাকাছি।

লক্ষ্মীপ্যাঁচাটির লোকালয়ে ছুটে আসা প্রসঙ্গে শাহাদাত হোসেন বলেন, রাতের বেলায় কোনোভাবে পথ হারিয়ে হয়তো এটি অফিসপাড়ায় ঢুকে পড়েছিল। এরপর সেখানে আশ্রয় নেয়। কারণ, লক্ষ্মীপ্যাঁচা দিনের বেলা কম দেখতে পায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক গাজী সৈয়দ মোহাম্মদ আসমত বলেন, লক্ষ্মীপ্যাঁচাটি শিকারের খোঁজে এসেই ওই ভবনে আটকে গেছে বলে তাঁর ধারণা।