পথ হারিয়ে ফেলেছি: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নির্বাচনের প্রশ্নে তিনি পথ খুঁজে পাচ্ছেন না। নির্বাচনে অংশ নিলে তাঁকে সবাই বেইমান বলবে। আর নির্বাচনে অংশ না নিলে দেশের ভবিষ্যত্ অনিশ্চিত। আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব সংহতির কাউন্সিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, তাঁর দল ‘সেভাবে’ আর মহাজোটে নেই। তবে মহাজোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে তাঁর আরও দু-একদিন সময় লাগবে।কাউন্সিল অধিবেশনের শুরু থেকেই বিভিন্ন জেলা ও বিভাগ থেকে আসা নেতারা এরশাদের কাছ থেকে মহাজোট ছাড়ার সুস্পষ্ট ঘোষণার দাবি তোলেন। কিন্তু শেষ পর্যন্ত সুস্পষ্ট কোনো ঘোষণা এরশাদের কাছ থেকে আসেনি। বক্তৃতা শেষে তিনি বলেন, ‘মহাজোটের সাথে জাতীয় পার্টির সম্পর্ক ছিল আমার ভাইয়ের (জি এম কাদের) এর কারণে। আমার ভাই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছে। তাই আমি মহাজোটের সাথে সেভাবে আর নেই। শিগগিরি নতুন জোট গঠন করব। প্রেস কনফারেন্স করে আমি তার ঘোষণা দেব।’
এর আগে গত বৃহস্পতিবার জাতীয় ছাত্রসমাজের এক অনুষ্ঠানেও এরশাদ দু-একদিনের মধ্যে মহাজোট ছাড়ার ঘোষণা আসবে বলে উল্লেখ করেছিলেন।
যুব সংহতির কাউন্সিল অনুষ্ঠানে এরশাদ নিজেকে সবচেয়ে ‘জননন্দিত’ রাজনীতিক বলে দাবি করেন। তিনি বলেন, যাঁরা একসময় তাঁকে ‘ডেড হর্স’ বলত, তাঁরা বুঝতে পেরেছে তিনি ‘ডেড হর্স’ নন।
এরশাদ বলেন, নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে তিনি পথ হারিয়ে ফেলেছেন। তিনি দিশেহারা। কী হবে, এই ভেবে তিনি ‘বিনিদ্র রজনী’ কাটাচ্ছেন। এরশাদ বলেন, ‘ক্ষমতা হস্তান্তর হয় তিনভাবে। নির্বাচন, সশস্ত্র সংগ্রাম ও মিলিটারি ক্যুর মাধ্যমে। বঙ্গবন্ধুকে সেনাসদস্যরা হত্যা করেছিল, মোশতাককে সেনাসদস্যরা উত্খাত করেছিল। সাত্তারকে সরিয়ে আমি এসেছিলাম। এরপর আর কোনো ক্যু হয়নি। ক্ষমতায় যেতে হবে ভোটের মাধ্যমে। এখন মহাজোটে আছি। মহাজোটে থেকে নির্বাচন করলে লোকে বেইমান বলবে। বেইমান হয়ে আমি মরতে চাই না। আবার নির্বাচনে অংশ না নিলে কী হবে, আমরা জানি না। উভয় সংকট।’
এরশাদ তাঁর বক্তৃতায় দুদলের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, তাঁর সময়ে দুজন মানুষ মারা গেছেন। এঁদের একজন নূর হোসেন, অপরজন ডা. মিলন। এঁদের কাউকেই তিনি হত্যা করেননি বলে দাবি করেন। তিনি বলেন, হেফাজতে ইসলামের সমাবেশে মানুষ হত্যা করেছে ক্ষমতাসীন সরকার। সরকার পরিবর্তন হলে প্রকৃত ঘটনা জানা যাবে। তিনি রাজনৈতিক সহিংসতায় জানমালের ক্ষয়ক্ষতির জন্যও সরকারকে দায়ী করেন। তিনি বিরোধীদলীয় নেতার প্রসঙ্গে বলেন, ‘বিরোধীদলীয় নেতাই বলেছিলেন এরশাদের ঠিকানা জেলখানা। এরশাদ জীবিত জেলখানায় ঢুকবেন, লাশ হয়ে ফিরবেন।’ তিনি দেশের মানুষকে এই দুই দলের হাত থেকে মুক্ত করবেন বলে ঘোষণা দেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের বলেন, ‘বাংলাদেশে গত ২৩ বছরেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। রাজতন্ত্র থেকে বড়জোর সামন্ততন্ত্রে এসেছি আমরা। প্রধান দুই দল তাঁর ভাষায় জোরজবরদস্তি করে দেশ দখল করছে ও গনিমতের মালের মতো ব্যবহার করছে। তিনি সঠিকভাবে মানুষের কাছে জাতীয় পার্টির নেতা-কর্মীদের পৌঁছনোর তাগিদ দেন।’
এদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম এরশাদকে মহাজোট ছাড়ার ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ জানান। জাতীয় পার্টিতে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলুও আজ ‘আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চাই’ বলে মন্তব্য করেন। এরশাদের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এরশাদকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন।