পথ হারিয়ে ফেলা প্রতিবন্ধী ছেলেটি কেবলই কাঁদছে
পথ হারিয়ে বগুড়ার দুপচাঁচিয়ায় এক মাছ ব্যবসায়ীর কাছে আশ্রয় নেওয়া মূক প্রতিবন্ধী (বোবা) ছেলেটি (১২) কান্নাকাটি করেই চলেছে। কী ওর সমস্যা হচ্ছে তা-ও বোঝা যায় না। ২০ দিন ধরে ছেলেটি উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রাম বেলহালী গ্রামের নারায়ণ দাস নামের ওই মাছ ব্যবসায়ীর আশ্রয়ে আছে। কিন্তু এ পর্যন্ত ছেলেটির মা-বাবার ঠিকানা উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে নারায়ণ দাস ছেলেটিকে ওর পরিবারের কাছে পৌঁছে দিতেও পারছেন না।
ছেলেটিকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে নারায়ণ দাস কয়েক দিন ধরে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় আর দুপচাঁচিয়া থানায় ঘোরাঘুরি করছেন। শেষ পর্যন্ত গত রোববার দুপুরে তিনি দুপচাঁচিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রোববার উপজেলা পরিষদ চত্বরের সমাজসেবা কার্যালয়ের বারান্দায় বসে ছেলেটিকে দুপুরের ভাত খেতে দেখা যায়। পাশেই বসে ছিলেন নারায়ণ দাস। তিনি বলেন, গত ১০ অক্টোবর সকালে দুপচাঁচিয়া সদরের পৌর বাজার থেকে মাছ কিনে ভ্যানে গ্রামের হাট-বাজারে নিয়ে আসছিলেন। চামরুল রাস্তার ঘাটমাগুরা এলাকায় প্রতিবন্ধী ছেলেটি হঠাৎ পেছন থেকে লাফ দিয়ে তাঁর ভ্যানে উঠে পড়ে। তারপর হাট-বাজারে মাছ বিক্রি করা পর্যন্ত ছেলেটি আর তাঁর পিছু ছাড়েনি। শেষ পর্যন্ত ছেলেটিকে নিয়েই তিনি বাড়ি ফেরেন। এর কয়েক দিনের মাথায় তিনি বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যান ছেলেটিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে নিতে বলেন। সমাজসেবা কর্মকর্তার পরামর্শে থানায় জিডি করেন তিনি। তিনি আরও বলেন, ‘ছেলেটি শুরুতে তাঁর বাড়িতে ভালোই ছিল। এখন সারাক্ষণ কান্নাকাটি করছে। বাড়িতে রাখাই কঠিন হয়ে গেছে। ওর ঠিকানা পেতে সমাজসেবা কার্যালয় আর থানায় ছোটাছুটি করছি।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহজাহান আলী আকন্দ বলেন, থানায় জিডি করার পর আদালতের মাধ্যমে ছেলেটিকে সেফ হোমে রাখার ব্যবস্থা করা হবে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, নারায়ণ দাস থানায় জিডি করেছেন। ছেলেটির স্বজনের খোঁজ পেতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। ছেলেটির কোনো অভিভাবক না পেলে আদালতের মাধ্যমে তাকে সেফ হোমে রাখার উদ্যোগ নেওয়া হবে।