পথকলি স্কাউটরা বদলে দিতে চায় এ সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্ষুধার কারণে ট্রেনে উঠে ঢাকা চলে আসি। ঢাকার রাস্তায় মাসের পর মাস না খেয়ে কাটিয়েছি। ঘুমাতে পারিনি বহুদিন। এখন আমি স্কুলে পড়ছি। আমার প্রিয় কাজ স্কাউটিং করা। স্কাউটরা নিজেরা ভালো থাকে, ভালো কাজ করে সমাজকে বদলে দেয়। আমিও গরিব মানুষের ভাগ্য বদলে দিতে চাই।’ স্ট্রিট চিলড্রেন (এসসি) ওপেন স্কাউট গ্রুপের স্কাউট জুবায়ের হোসেন প্রথম আলোকে বলল তার এই স্বপ্নের কথা। সে একজন পথকলি।গতকাল সোমবার ছিল অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরির পঞ্চম দিন। সারা দিনেও সূর্যের দেখা মেলেনি। তবে শীতের কাছে দমে যায়নি স্কাউটরা। নিয়মিত কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্য ও সমাজসেবামূলক কাজে অংশ নিয়েছে তারা। এবার অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরিতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৬৩ জন পথকলি শিশু-কিশোর স্কাউট অংশ নিয়েছে। এসব শিশুর নিকটাত্মীয় বলতে কেউ নেই। দিনের পর দিন তারা রাস্তায় ঘুরে বেড়িয়েছে। অনাহার-অর্ধাহারে থাকাই ছিল তাদের স্বাভাবিক ব্যাপার। বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে তারা আশ্রয় আর বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়। এ সুযোগে পড়াশোনায় মন দিয়েছে ফয়সাল, লাবণী আক্তার, আজিজুল ইসলাম, ঝর্ণা আক্তাররা। গণিত আর বাংলা ভাষা তাদের প্রিয় বিষয়। আর আছে বিভিন্ন কাজ শেখা। এসব কাজে তাদের বাড়তি মনোযোগ স্কাউটিংয়ের দিকে। জাম্বুরি তাদের জীবনে এনে দিয়েছে বিপুল উত্সাহ। ভেদাভেদ ভুলে যাওয়ার আনন্দ। তাদের সবারই স্বপ্ন চারপাশের সমাজ আর মানুষগুলো যেন ‘ভালো’ হয়ে যায়। পথকলি স্কাউটরা গতকাল সোমবার অংশ নিয়েছে গ্রামের বিভিন্ন রাস্তা সংস্কারের কাজে। তাদের কাজ দেখে স্থানীয় অধিবাসী কামাল হোসেন বলেন, ‘এই কাঁচা রাস্তাটা বেশ খারাপ ছিল। স্কাউটরাই ভালো করে দিয়েছে।’এদিকে গতকাল সকালে মৌচাক স্কাউট উচ্চবিদ্যালয়ের মাঠে স্কাউটদের জন্য বিভিন্ন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক সাজ্জাদ শরিফ, সোহরাব হাসান ও জাহীদ রেজা নূর উপস্থিত ছিলেন। বিজয়ীদের প্রথম আলোর পক্ষ থেকে উপহার দিয়েছেন তাঁরা। এ সময় স্কাউটরা মুখস্থ আর মাদককে ‘না’ বলার পাশাপাশি নিজেরা বদলানোর শপথ নেয়।বিকেলে ‘আমাদের স্বপ্ন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম মো. শহীদ খান এবং স্কাউট কর্মকর্তারা। ২২ জানুয়ারি জাম্বুরি শেষ হবে।