পথখাবারের দোকান বসতে বাধা শাহবাগে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দেওয়া নিরাপদ পথখাবার বিক্রির গাড়িগুলোকে (ফুড কার্ট) শাহবাগ চত্বরে বসতে দিচ্ছে না পুলিশ। পুলিশের ভ্যষ্য, খাবারের এসব দোকানের কারণে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যেসব ব্লগার জড়ো হন, তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা আছে।
তবে সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শকেরা দেখতে পেয়েছেন, সিটি করপোরেশনের দেওয়া নিরাপদ পথখাবারের গাড়ি ছাড়া লাইসেন্সহীন অন্যান্য পথখাবার বিক্রেতা শাহবাগে নির্বিঘ্নেই ব্যবসা করে যাচ্ছেন।
নিরাপদ পথখাবার নিশ্চিত করতে ডিএসসিসি গত ১১ এপ্রিল পথের খাবার বিক্রেতাদের মধ্যে ৮০টি বিশেষ ধরনের গাড়ি বিতরণ করে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এসব গাড়ি সরবরাহ করেছে। এসব গাড়ির মধ্যে শাহবাগ এলাকায় ব্যবসা করার জন্য ৩৪টি গাড়ির খাবার বিক্রেতাকে ট্রেড লাইসেন্সও দেয় ডিএসসিসি।
এসব খাবার বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, তিন মাস ধরে শাহবাগ থানার পুলিশ তাঁদের দোকান বসাতে দিচ্ছে না। পুলিশের এমন আচরণের প্রতিকার চেয়ে ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর একটি পত্র দিয়েছেন। এতে তিনি বলেন, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার জন্য নিরাপদ খাবার বিক্রির জন্য নির্বাচিত পথখাবার বিক্রেতাদের মধ্যে গাড়িগুলো বিতরণ করা হয়েছে। ট্রেড লাইসেন্স থাকার পরও পুলিশ এসব গাড়ি সরিয়ে দিচ্ছে। এ অবস্থায় শাহবাগ, কোতোয়ালি ও রমনা থানা এলাকায় ট্রেড লাইসেন্স পাওয়া পথখাবার বিক্রেতারা যাতে বেচাকেনা করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পুলিশ কমিশনারকে অনুরোধ করেছেন।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দীকি বলেন, খাবারের গাড়িগুলোর কারণে জাদুঘরের সামনে ভিড় জমা হয়, যা এ এলাকার লোকজনের জন্য নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়। ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্টরা নিয়মিত এই এলাকায় জড়ো হন বলে, শাহবাগ চত্বর থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ পর্যন্ত কোনো ধরনের দোকান বসাতে দেওয়া হবে না।
আবু বকর বলেন, ঢাকা মহানগর পুলিশের কমিশনারের নির্দেশেই দোকান বসতে দেওয়া হচ্ছে না।
গতকাল শনিবার শাহবাগ এলাকায় গিয়ে দেখা যায়, শাহবাগ চত্বরে ডিএসসিসির বানানো নতুন পদচারী-সেতুর নিচে সারি ধরে এসব খাবার বিক্রির দোকান তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ধরে এভাবে পড়ে থাকায় এসব গাড়িতে মরচে পড়তে শুরু করেছে। রিকশাভ্যানের আদলে গড়া নিরাপদ খাবারের এই গাড়িগুলোতে রান্নার জন্য চুলা, নিরাপদ পানি, খাবার তৈরির সরঞ্জাম সবই আছে। চা, হালকা খাবার, দই-চিড়া, ফুচকা, চটপটিসহ বিভিন্ন খাবার বিক্রি হতো এসব গাড়িতে।
ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সঙ্গে কথা হয়েছে। ঈদের আগেই সমস্যার একটি সমাধান হবে বলে আশা করছি।’