ইফতারটা বাসায় গিয়েই সারতে হবে—এমন তাড়া থেকে সন্ধ্যার আগে আগে ঢাকা প্রায় ফাঁকা হয়ে যায়। কিন্তু যাঁদের সন্ধ্যা হয় পথে, শেষ বিকেলে যাঁরা ট্রেন ধরেন, তাঁদের ইফতারটা একটু অন্যরকমই। অনেকটাই যেন ‘কাজ চালানোর’ মতো। কমলাপুর রেলস্টেশনে এ রকম ইফতার চলে প্রতিদিন।
গতকাল সোমবার সন্ধ্যা ছয়টা। কমলাপুর স্টেশনের প্রবেশমুখের সব কনফেকশনারি ও রেস্তোরাঁ যেন ইফতারের দোকানে পরিণত হয়েছে। একটা দোকান থেকে কিছু ইফতার কিনে কমলাপুরের প্ল্যাটফর্মের দিকে ছুট দেন ক্ষুদ্র ব্যবসায়ী রহিম উল্লাহ। ময়মনসিংহে যেতে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ধরবেন তিনি।
রহিম উল্লাহর সঙ্গে সঙ্গে স্টেশনের ভেতরে প্রবেশ করে দেখা যায় ব্রহ্মপুত্র ট্রেনটি ছেড়ে যাবে যাবে, বারবার হুইসেল দিচ্ছিল। মোটামুটি সব আসনই পরিপূর্ণ। অনেক যাত্রীর হাতেই ইফতারের পোঁটলা। স্টেশনের ভেতরের প্ল্যাটফর্মেও ঝাঁকায় করে ইফতার বিক্রি হচ্ছে। প্রতিটি পেঁয়াজু, বেগুনি ও আলুর চপের দাম পাঁচ টাকা। ১০ টাকার ছোলা আর পাঁচ-দশ টাকার মুড়ি। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জয়দেবপুরের যাত্রী আমিনুল ইসলাম বলেন, গন্তব্যে পৌঁছাতে দেড় থেকে দুই ঘণ্টা লাগে। সহকর্মী আছেন আরও দুজন। ৮০ টাকার ইফতার কিনেছেন স্টেশন থেকে।
ব্রহ্মপুত্র ট্রেনের খাবারের গাড়িতেও ইফতারের ব্যবস্থা আছে। তবে সেখানকার ব্যবস্থাপক আবু সাইদ জানালেন, বেশির ভাগ যাত্রীই স্টেশনের বাইরে থেকে ইফতার নিয়ে আসেন। খাবারের গাড়ির ইফতার খুব একটা চলে না। এরপরও তাঁরা ১২ প্যাকেট ইফতার তৈরি করেছেন। প্রতিটির দাম ৬০ টাকা।
কমলাপুর স্টেশনে সব সময়ই তিন ধরনের মানুষের সমাগম থাকে। একদল ট্রেন থেকে নামেন। আরেক দল ট্রেনে ওঠেন। আরেক দল ট্রেনের অপেক্ষায় থাকেন।
ট্রেনের অপেক্ষায় থাকাদের অনেককেই স্টেশনের প্ল্যাটফর্মে খবরের কাগজ বিছিয়ে ইফতার মাখাতে দেখা যায়। সন্ধ্যা সাড়ে ছয়টায় কমলাপুর স্টেশন থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা এগারসিন্ধুর ট্রেনের। কিন্তু ইফতারের আগ পর্যন্ত ট্রেনটি এসে পৌঁছায়নি। ইফতারের পরই ছেড়ে যাওয়ার কথা জামালপুরগামী লোকাল ট্রেনও। এ দুই ট্রেনের যাত্রীরা স্টেশনেই ইফতার সারেন।