পথচলা জটিল করে তুলেছে ইজিবাইক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ ইজিবাইকে সিলেট এবং অবৈধ ইজিবাইকের যাতনায় পুড়ছে ময়মনসিংহ। মহানগর পুলিশের নিষেধাজ্ঞা থাকলেও সিলেট নগরের পাড়া-মহল্লা দাপিয়ে বেড়াচ্ছে ইজিবাইক। আর ময়মনসিংহবাসী ভুগছে হাজারো অবৈধ ইজিবাইকের কারণে সৃষ্ট যানজটে।
রোজার শুরু থেকে দুই শহরে ব্যাটারিচালিত এই যানের সংখ্যা বাড়ছে। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই নগরবাসীর জীবন জটিল করে তুলছে ইজিবাইক। রাস্তায় নামলেই তাদের ভোগান্তি।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, সিলেট নগরের কালীবাড়ি, সুবিদবাজার, বনকলাপাড়া, কুমারগাঁও, আখালিয়া, চৌকিদেখী, কিনব্রিজ এলাকা, কাজিরবাজার, শেখঘাট, বালুচর ও টিলাগড় এলাকার রাস্তাগুলোতে অবাধে ইজিবাইক চলছে। এ জন্য পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশন কর্তৃপক্ষের নির্লিপ্ততাকে দায়ী করেন নগরবাসী।
২০০৯ সালের জানুয়ারি থেকে সিলেট নগরে ইজিবাইক চলাচল শুরু করে। কিন্তু চালকদের ন্যূনতম দক্ষতা না থাকায় ও নিয়ন্ত্রণহীন গাড়ি চালানোয় প্রায়ই দুর্ঘটনা ঘটত। এ কারণে যানটি নিষিদ্ধ করার দাবি তোলেন নগরবাসী। এর পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১ জুলাই সিলেট নগরে ইজিবাইক নিষিদ্ধ ঘোষণা করে মহানগর পুলিশ। সেই সিদ্ধান্তে সমর্থন জানায় সিটি করপোরেশন।
সিলেট নগরের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, নিষেধাজ্ঞা জারির পর আট মাস পর্যন্ত নগরে ইজিবাইক চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। কিন্তু এরপরই শুরু হয় সীমিত পরিসরে চলাচল। সাম্প্রতিক সময়ে তা হু হু করে বেড়েছে।
কালীবাড়ি এলাকার ভাই ভাই ফার্মেসির স্বত্বাধিকারী হিমাংশু তালুকদার বলেন, ‘দীর্ঘদিন ইজিবাইক চলাচল বন্ধ থাকায় নগরে যানজট ও দুর্ঘটনা কমে গিয়েছিল। আবার এসব যান চলতে শুরু করায় নগরবাসীর সেই দুর্ভোগ পুনরায় ফিরে এসেছে।’
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, সিলেট নগরে ইজিবাইক অবৈধ একটি যান। এগুলো চলাচলে সিটি করপোরেশন কোনো অনুমতি দেয়নি। ইজিবাইকচালকদের বিরুদ্ধে অভিযান চালাতে পুলিশ কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে।
জানতে চাইলে নতুন করে ইজিবাইক নামার বিষয়টি অস্বীকার করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ রহমতউল্লাহ বলেন, নগরে ইজিবাইক চলাচলে পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। পুনরায় এই যান চলাচল শুরু হলে শিগগির অভিযান চালানো হবে।
ময়মনসিংহ পৌর শহরে অনুমোদিত ইজিবাইকের সংখ্যা ৭৪৫টি। কিন্তু অবৈধ ইজিবাইক রয়েছে কমপক্ষে ছয় হাজার। যানজট এড়াতে প্রায় ছয় বছর ধরে অনুমোদন দেওয়া বন্ধ থাকলেও প্রতিদিনই বাড়ছে অবৈধ ইজিবাইকের সংখ্যা।
গত বুধবার শহরের গাঙ্গিনারপার, নতুন বাজার, জিলা স্কুল মোড়, টাউন হল মোড়, সি কে ঘোষ রোড, চরপাড়া ও আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে রাত ১০টা পর্যন্ত থেমে থেমে সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট।
শহরবাসী বলেন, অবৈধ ইজিবাইক নিয়ন্ত্রণ না করায় এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। রোজার শুরু থেকেই ইজিবাইকগুলো বেপরোয়া হয়ে উঠেছে। চালকেরা ট্রাফিক আইনও মানছেন না।
কয়েকজন ইজিবাইকচালক বলেন, অন্যান্য বছর রোজার শুরু থেকেই শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবৈধ ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা হতো। তখন শুধু শহরতলি ও শহরের বাইরে ইজিবাইক চলাচল করত। এ বছর এখনো নিষেধ না করায় তাঁরা শহরজুড়ে চালাচ্ছেন।
ময়মনসিংহ ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, যানজটের প্রধান কারণ অবৈধ ইজিবাইক। নিয়ম করে এগুলো বন্ধ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হবে।
শহরের যানজট পরিস্থিতি নিয়ে শনিবার পৌরসভা ও পুলিশের যৌথ সভা হয়। সেখানে ঈদের তিন দিন আগে থেকে শহরের ভেতর অবৈধ ইজিবাইক ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান মেয়র মো. ইকরামুল হক।