পথচারী ও গণপরিবহনকে প্রাধান্য দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোগান্তি বন্ধে পথচারী ও গণপরিবহনকে প্রাধান্য দিয়ে পরিবহনব্যবস্থা ঢেলে সাজানোর দাবি জানিয়েছে চারটি পরিবেশবাদী সংগঠন। তারা যোগাযোগব্যবস্থায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ এবং ভাড়া কমিয়ে গণপরিবহনকে প্রাধান্য দেওয়ার তাগিদ দিয়েছে।
রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে গতকাল শনিবার পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট, অরুণোদয়ের তরুণ দল এবং মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নগরের পরিবহনব্যবস্থায় চলছে চরম নৈরাজ্যকর পরিস্থিতি। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো যানবাহন পাওয়া যায় না। পেলেও যানজটে মূল্যবান সময়ের অপচয় হচ্ছে। নারী যাত্রীদের ভোগান্তি আরও বেশি। ফুটপাতগুলো নোংরা, নিরাপত্তাহীন ও সরু হওয়ায় হাঁটার পরিবেশ নেই।
ঢাকা শহরের বেশির ভাগ মানুষ চলাচলের জন্য পাবলিক বাস, রিকশা, সাইকেল ও ফুটপাত ব্যবহার করে। কিন্তু এসবের অনুন্নত পরিবেশের কারণে যাতায়াতব্যবস্থায় নৈরাজ্য সৃষ্টি হচ্ছে বলে বক্তারা মন্তব্য করেন।
বক্তারা অভিযোগ করেন, ঢাকা শহরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সি কম থাকায় চালকেরা স্বাভাবিক ভাড়ার চেয়ে দ্বিগুণ, কখনো তিন গুণ ভাড়া আদায় করছেন। বাসেও একই অবস্থা। বিকল্প কোনো পরিবহন না থাকায় যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো অধিক ভাড়া আদায় করা হচ্ছে।
মানুষের ভোগান্তি দূর করতে মানববন্ধন থেকে কিছু সুপারিশ তুলে ধরা হয়। তার মধ্যে, চাহিদানুযায়ী বড় বাসের ব্যবস্থা করা, বাস কোম্পানিগুলোকে পর্যাপ্ত পরিমাণ বাস চালু রাখতে বাধ্য করা এবং বাস রুটের পুনর্বিন্যাস করে সব এলাকায় যাওয়ার ব্যবস্থা রাখা। এ ছাড়া সব সড়কে প্রাইভেট কারের পরিবর্তে গণপরিবহনের চলাচলকে অগ্রাধিকার দিতে হবে।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে মানববন্ধনে বাংলাদেশ পিস মুভমেন্টের সভাপতি অধ্যাপক কামাল আতাউর রহমান, ডব্লিউবিবির প্রকল্প কর্মকর্তা মো. আতিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।