মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার টঙ্গিবাড়ী বাজারসংলগ্ন বেইলি সেতুর ওপর ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আলুবোঝাই ট্রাকটির চাকাসহ সেতুর পাটাতন দেবে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। নিহত পথচারীর নাম আবুল কালাম (৩৪)। তিনি টঙ্গিবাড়ী উপজেলায় থেকে শ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি ভোলা জেলায়। ঘটনার পর পুলিশ তাঁর লাশ উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত আটটার দিকে ট্রাকটি ঢাকা-টঙ্গিবাড়ী-লৌহজং সড়কের টঙ্গিবাড়ী বাজারসংলগ্ন বেইলি সেতু পার হচ্ছিল। এ সময় একটি চাকা দেবে গিয়ে ট্রাকটি কাত হয়ে যায়। হেলে পড়ায় ট্রাকটি সেতুর রেলিংয়ের সঙ্গে পথচারী আবুল কালামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এই পরিস্থিতিতে ট্রাকের চালক পালিয়ে যান। রাত নয়টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেতু দিয়ে যান চলাচল বন্ধ ছিল। মুন্সিগঞ্জ প্রতিনিধি