পথচারীকে চাপা দেওয়ার পর ট্রাকচালকও নিহত

যশোরের বাঘারপাড়া উপজেলায় এক পথচারীকে চাপা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকচালকও নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ফুলজান বেগম (৮২) এবং মো. আল আমিন (২৭)।
ফুলজান বেগম যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট গ্রামের মুজিবর শিকদারের স্ত্রী এবং মো. আল আমিন মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে।
বারোবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কালীপদ পোদ্দার জানান, আজ শুক্রবার দুপুরে একটি খালি ট্রাক যশোর থেকে মাগুরা যাচ্ছিল। দুপুর ১২টার দিকে ট্রাকটি যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকায় সরদার রোকেয়া কোল্ড স্টোরের কাছ দিয়ে যাওয়ার সময় ফুলজান বেগম মহাসড়ক পার হচ্ছিলেন। চালক ফুলজান বেগমকে বাঁচাতে ট্রাকটি সজোরে ব্রেক করেন। এতে চাপা পড়ে ফুলজান বেগম ঘটনাস্থলেই মারা যান। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকচালক মো. আল আমিন ঘটনাস্থলেই মারা যান।