রাজধানীর মগবাজারে নির্মাণাধীন উড়ালসড়ক এলাকায় দুর্ঘটনা এড়াতে ১৫ দিনের মধ্যে পথচারীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এই আদেশ দেন। একই সঙ্গে আদালত রুল দিয়ে জানতে চেয়েছেন, ১৬ মার্চ নির্মাণাধীন ফ্লাইওভার থেকে রড পড়ে নিহত রাব্বি আহমেদের (ইমন) পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না। স্থানীয় সরকার সচিব, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী, ঢাকার জেলা প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, প্রকল্প পরিচালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাসগুপ্ত এই রিট আবেদনটি করেন। গতকাল আদালতে তিনি নিজে শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস ও মুনতাসীর মাহমুদ রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।