পথচারীদের জন্য বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা করতে ফুটপাতে ‘ওয়াটার ফাউন্টেন’ বসানোর সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
গতকাল বুধবার দুপুরে নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে এ ঘোষণা দেন সাঈদ খোকন। ‘উন্নত স্যানিটেশন সুস্থ জীবন’ স্লোগানকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করে ওয়াটার এইড ও কনসার্নড ওমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট।
সাঈদ খোকন বলেন, উন্নত জীবনের জন্য স্যানিটেশন অত্যাবশ্যক। শুধু হাতধোয়ার অভ্যাস গড়ে তোলা গেলেই অনেক ধরনের রোগব্যাধি থেকে মানুষ মুক্তি পাবে। জনপ্রতিনিধিদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়গুলোকে এ কাজে সম্পৃক্ত করে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে। তিনি বলেন, নগরের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতে শিগগিরই বিশুদ্ধ পানিপানের ব্যবস্থা করা হবে। এ ছাড়া ডিএসসিসি এলাকায় ২০১৭ সালের মধ্যে আরও ১০০টি অত্যাধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হবে। এর ফলে দীর্ঘ সময় যানজটে আটকে থাকা নারী ও শিশুরা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার বিড়ম্বনার হাত থেকে মুক্তি পাবে।
ডিএসসিসির মেয়র বলেন, নগর জীবনযাত্রার মানোন্নয়নে শহরের বিভিন্ন স্থানে ফুটপাতে ময়লার পাত্র বসানো হয়েছে। বর্তমানে আধুনিক পাবলিক টয়লেট নির্মাণের কাজ চলছে। তবে ময়লার পাত্র যেন সঠিকভাবে ব্যবহৃত হয়, সে জন্য করণীয় নির্ধারণে পরিদর্শন করা হচ্ছে। এ ধরনের হাজারো সমস্যা সমাধানে ডিএসসিসির নাগরিক সুবিধা বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ডিএসসিসি।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহউদ্দিনের সভাপতিত্বে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবীর, ওয়াটার এইডের কর্মকর্তা লিয়াকত আলী প্রমুখ বক্তব্য দেন।