পথচারীবান্ধব পরিবেশের জন্য বিভিন্ন বিভাগের সমন্বয় চাই
পথচারীবান্ধব পরিবেশ তৈরি করতে প্রয়োজন বিভিন্ন সংস্থার সমন্বয় সাধন ও কাউন্সিলরদের অধীনে আলাদা একটি বিভাগ। ‘সাতমসজিদ রোডে পথচারীবান্ধব পরিবেশ তৈরি: আমাদের প্রস্তাব’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্ট রাজধানীর ধানমন্ডির বিলিয়া সেন্টারে গতকাল মঙ্গলবার এ সভার আয়োজন করে।
সাতমসজিদ সড়ক দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করেন। জেব্রা ক্রসিং না থাকা, ফুটপাতে দোকান, বাসস্ট্যান্ডের অভাব ও পথচারীদের অনুকূল পরিবেশ না থাকায় তাঁরা নানান সমস্যায় পড়ছেন। কিন্তু স্বল্প খরচে সামান্য অবকাঠামো পরিবর্তনের মাধ্যমে সড়কটি প্রাণবন্ত ও নিরাপদ করে গড়ে তোলা যায়। এ জন্য বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন করে সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের অধীনে আলাদা একটি কার্যকর বিভাগের দরকার।
সভায় বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের কয়েকজন শিক্ষার্থী নকশা ও পরিকল্পনা তুলে ধরেন। পবার সভাপতি আবু নাসের খান বলেন, প্রায় সব নীতিমালা এবং পরিকল্পনায় পথচারীদের উপেক্ষিত রাখা হয়।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের উপদেষ্টা স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, সরকারের বিভিন্ন বিভাগ শহর পরিচালনা করছে। কিন্তু তাদের মধ্যে সমন্বয় নেই।
মতবিনিময় সভায় ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার মারুফ হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মুসলেহ উদ্দিন হাসান, বাপার সাধারণ সম্পাদক মহিদুল হক খান, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সভাপতি গোলাম রহমান প্রমুখ।