পথচারীবান্ধব যাতায়াতব্যবস্থা গড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মানুষের মধ্যে ডায়াবেটিস, হূদেরাগসহ নানা রোগের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি দূষণ, জ্বালানি ব্যয়, দুর্ঘটনা, যাতায়াত ব্যয়ও গাণিতিক হারে বাড়ছে। এসব মোকাবিলায় পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করে শহরে যাতায়াত পরিকল্পনা গড়ে তোলা দরকার।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর আরডিইসি ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত ‘ইমপ্রুভিং দ্য পেডিস্ট্রিয়ান এনভায়রনমেন্ট ইন ঢাকা: স্টেপস ফরোয়ার্ড’ শীর্ষক কর্মশালায় বক্তারা এই পরামর্শ দেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি), হেলথব্রিজ-কানাডা এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের যৌথ উদ্যোগের এই কর্মশালায় ঢাকার পথচারীদের পরিবেশ উন্নয়নের বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়ক দুর্ঘটনায় মৃতদের প্রায় অর্ধেক পথচারী। আইন অমান্য করে চালকদের বেপরোয়া গতিতে যান চালানো, পথচারীদের অসতর্কতাও এর জন্য দায়ী। এ ছাড়া পথচারীবান্ধব প্রশস্ত ও সমান্তরাল ফুটপাতের অভাব, ফুটপাতে যানবাহনের অবৈধ পার্কিং, পর্যাপ্ত জেব্রা ক্রসিংয়ের অভাবও রয়েছে বলে স্বীকার করেন মন্ত্রী।

এডিবির নগর উন্নয়ন বিশেষজ্ঞ ডেভিড মার্গনস্টের্ন বলেন, এডিবি গাজীপুর থেকে ঢাকার বিমানবন্দর পর্যন্ত শুধু বাসের জন্য আলাদা লেন (বাস রেপিড ট্রানজিট-বিআরটি) গড়ে তোলার কাজ শুরু করছে। এতে দিনে এক লাখের বেশি মানুষ সহজে যাতায়াত করতে পারবে।

এলজিইডির প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান রাজধানীতে হাঁটাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করার আশ্বাস দেন।

হেলথব্রিজ-কানাডার আঞ্চলিক পরিচালক দেবরা ইফরমসন বলেন, যে শহরে মানুষ নিরাপদে-নির্বিঘ্নে-স্বচ্ছন্দে হাঁটতে পারে না, সেই শহর আধুনিক শহর হিসেবে বিবেচিত হয় না।

ডব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্যও ফুটপাতগুলোতে চলাচলের ব্যবস্থা রাখার দাবি জানান।

পরে কারিগরি অধিবেশনে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক সারওয়ার জাহানের সভাপতিত্বে এডিবির যাতায়াত বিশেষজ্ঞ লয়েড রাইট এবং অযান্ত্রিক যান বিশেষজ্ঞ ব্রাডলে শ্ররোয়েডর তাঁদের প্রবন্ধ উপস্থাপন করেন।