পথচারীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, সড়ক অবরোধ, ভাঙচুর
কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় গত মঙ্গলবার ঢাকার সাভারের আশুলিয়ার জিরানী এলাকায় ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যানবাহন ভাঙচুর করে। পরে পুলিশের তাড়া খেয়ে বিক্ষোভকারীরা চলে গেলে দুপুর একটা থেকে যানচলাচল শুরু হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাত আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানী এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে আশুলিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এলাকাবাসী বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করলে অবরোধকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যানবাহন ভাঙচুর করে।