পথচারীর সাহসিকতায় ধরা পড়ল ছিনতাইকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দিনদুপুরে ব্যাংকের সামনে ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় এক ছিনতাইকারীকে ধরে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। গতকাল সোমবার বেলা দুইটার দিকে নগরের চেরাগী পাহাড় মোড়ের কাছে এই ঘটনা ঘটে। পথচারী এক যুবকের সাহসিকতার কারণে ওই ছিনতাইকারীকে ধরা সম্ভব হয়েছে বলে পুলিশ জানায়।
গণপিটুনির শিকার ছিনতাইকারীর নাম মো. নাছির (২৪)। তাঁর সঙ্গে আরও তিনজন ছিলেন। তাঁরা আড়াই লাখ টাকা নিয়ে পালিয়ে যান বলে ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী পুলিশকে বলেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, নগরের টেরিবাজার এলাকার ব্যবসায়ী মো. বশির ব্র্যাক ব্যাংকের চেরাগী পাহাড় মোড় শাখা থেকে ছয় লাখ টাকা তুলে বের হন। তিনি হেঁটে পাশের মোমিন রোডের দিকে যাচ্ছিলেন। এ সময় চার যুবক তাঁর হাতের একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাতে থাকেন। ব্যাগটিতে চার লাখ টাকা ছিল। এ সময় ব্যবসায়ী চিৎকার দিলে চেরাগী মোড়ে থাকা এক যুবক বিষয়টি লক্ষ করেন এবং দ্রুত ছিনতাইকারীদের পেছনে দৌড়াতে থাকেন। পরে তাঁর সঙ্গে আরও কয়েকজন লোক ছিনতাইকারীদের ধাওয়া করেন।
একপর্যায়ে ওই যুবক তাঁর হাতে থাকা পানির বোতল ছুড়ে মারেন। বোতলটি এক ছিনতাইকারীর মাথায় লাগে এবং তিনি রাস্তায় পড়ে যান। তাঁকে ধরে ফেলে পিটুনি দেন লোকজন। তাঁর কাছে ছিনতাই করা দেড় লাখ টাকা পাওয়া যায়। বাকি তিনজন আড়াই লাখ টাকা নিয়ে পালিয়ে যান। পরে পুলিশ এসে ওই ছিনতাইকারীকে থানায় নিয়ে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ছিনতাই করে পালানোর সময় এক যুবককে ধরে পুলিশে দিয়েছে লোকজন। তার কাছ থেকে কিছু টাকাও উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া তিনজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় ব্যবসায়ীকে থানায় মামলা করতে বলেছেন তাঁরা।