পথনকশা ধরে চললে ২০১২ সালে সংকট থেকে বের হওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নের যে পথনকশা বর্তমান সরকার প্রণয়ন করেছে সে পথে চললে ২০১২ সালে এই খাতের বিদ্যমান সংকট থেকে বের হয়ে আসা উচিত। কিন্তু ওই পথে চলতে পারা একটি বড় চ্যালেঞ্জের বিষয়। তবে সবার দৃঢ় অঙ্গীকার ও সম্মিলিত চেষ্টা থাকলে ওই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা: বঙ্গবন্ধুর দূরদর্শিতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সরকারের এক নম্বর অগ্রাধিকার পাওয়া খাত। কারণ এই খাতের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়নই সম্ভব নয়। তাই সরকার এই খাতের বিদ্যমান সংকট থেকে বের হয়ে আসতে বদ্ধপরিকর। অর্থমন্ত্রী বলেন, ‘তবে সমস্যা হলো আমরা দরপত্র চাইলাম। ভালো দরপত্রগুলো বাছাই করলাম। তাঁদের কাজও দেওয়া হলো। কিন্তু অর্থ, যন্ত্রপাতি সব সংগ্রহ করে কাজগুলো তাঁরা সময়মতো করতে পারলেন না। এই অনিশ্চয়তা বিদ্যুতের মতো জ্বালানিতেও আছে। ভূকম্পন জরিপ চালিয়ে একটি গ্যাসক্ষেত্র করে সেখানে পরীক্ষামূলক কূপ করার পর হয়তো দেখা গেল, সেটি বাণিজ্যিকভাবে লাভজনক হবে না। বিদ্যুৎ ও জ্বালানি খাতে এই অনিশ্চয়তা নিয়েই কাজ করতে হবে।’৯ আগস্ট উপলক্ষে বিকেলে পেট্রোবাংলা কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। ১৯৭৫ সালের ৯ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাংলো-ডাচ কোম্পানি শেলের কাছ থেকে মাত্র ৪৫ লাখ পাউন্ড স্টার্লিংয়ে (তখনকার মূল্যমানে মোট ১৭ কোটি ৮৫ লাখ টাকা) দেশের পাঁচটি গ্যাসক্ষেত্র (তিতাস, হবিগঞ্জ, রশিদপুর, বাখরাবাদ ও কৈলাশটিলা) এবং তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির শেয়ার কিনে রাষ্ট্রীয় মালিকানায় নিয়েছিলেন। এখন পর্যন্ত এ ক্ষেত্রগুলো থেকে ৭৮ হাজার ৯৭৫ কোটি টাকার গ্যাস তোলা হয়েছে। আরও যে উত্তোলনযোগ্য মজুদ আছে তার দাম ৮৫ হাজার ৮২৯ কোটি টাকা। এখন প্রতিদিন দেশে যে পরিমাণ গ্যাস ব্যবহার করা হচ্ছে, তার প্রায় ৪৩ শতাংশ আসে এ পাঁচটি ক্ষেত্র থেকে।পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুরের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার পরিচালক (খনি ও খনিজ) মোল্লা মো. মবিরুল হোসেন।সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে যে রাষ্ট্রনায়কের দূরদর্শিতায়, তিনি দেশের জ্বালানি নিরাপত্তার জন্য খুব স্বাভাবিক পদক্ষেপই নিয়েছিলেন।সেমিনারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, বিদ্যুৎ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া, বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ ও জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন বক্তব্য দেন। দুই সচিব তাঁদের বক্তৃতায় এই খাতে দক্ষ জনবল ধরে রাখার পদক্ষেপ নিতে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে একই বিষয়ে আরেকটি সেমিনার হয়। এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পেট্রোবাংলার সাবেক পরিচালক মকবুল-ই-ইলাহী। প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।