পথবাসীদের প্রাপ্য নাগরিক অধিকার দেওয়ার আহ্বান
জন্মসনদ ও জাতীয় পরিচয় দিতে বিদ্যমান বাধা দূর করে পথবাসীদের প্রাপ্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।
আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নগর পথবাসী মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় চিহ্নিত সমস্যা নিরসন’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ আহ্বান জানান। সভার আয়োজক জাতীয় মানবাধিকার কমিশন।
শুরুতে বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন ‘পথবাসী মানুষের নাগরিক অধিকারের প্রতিবন্ধকতা’ শীর্ষক একটি ধারণাপত্র উপস্থাপন করেন।
ধারণাপত্রে পথবাসীদের জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র পাওয়ার ক্ষেত্রে সমস্যা, প্রাসঙ্গিক আইনিকাঠামো ও সমস্যা নিরসনে নানা সুপারিশ তুলে ধরা হয়।
মতবিনিময় সভার সভাপতি ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, রাষ্ট্র তার সব নাগরিককে নাগরিক অধিকার দিতে ব্যর্থ হয়েছে। পথবাসী মানুষের কল্যাণে রাষ্ট্রকে কাজ করতে হবে। আইনপ্রয়োগের ক্ষেত্রে যেসব গলদ রয়েছে, সেগুলো দূর করতে হবে।
তিনি নির্বাচন কমিশনকে জাতীয় পরিচয়পত্র প্রদানের কিছু নিয়ম সংশোধন করে পথবাসী মানুষকে হয়রানি থেকে মুক্ত করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় অংশ নিয়ে সাংসদ ইসরাফিল আলম বলেন, অভ্যন্তরীণ স্থানান্তরের কারণে শহরে পথবাসী লোকের সংখ্যা বাড়ছে। কেবল ঢাকায় ৩০-৪০ হাজার পথবাসী লোক রয়েছে। পথবাসীদের জন্মনিবন্ধন পাওয়ার আইনগত সমস্যা সমাধান করা হয়েছে। এখন যে সমস্যা, তা হলো চর্চা ও দৃষ্টিভঙ্গির।