পথভ্রষ্ট যুবকদের ফিরিয়ে আনতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জঙ্গিবাদের দিকে ঝুঁকে যেসব যুবক পথভ্রষ্ট হয়েছেন, তাঁদের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। তাঁদের পবিত্র কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা দিতে হবে।

র‍্যাবের প্রকাশিত কতিপয় বিষয়ে জঙ্গিবাদীদের অপব্যাখ্যা এবং পবিত্র কুরআনের সংশ্লিষ্ট আয়াত ও হাদীসের সঠিক ব্যাখ্যা শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

জঙ্গি হামলার পর আইএসের কথিত দায় স্বীকার সম্পর্কে মন্ত্রী বলেন, ‘আইএস বাংলাদেশে কোথা থেকে আসল। কেন আসবে, কী কারণে আসবে, আমরা এগুলোর কোনো ব্যাখ্যা পাইনি।’

আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, জঙ্গিবিরোধী অভিযান এবং গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সাফল্য আছে। কিন্তু ডির‍্যাডিক্যালাইজেশনে সেভাবে এগোতে পারেনি।

র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে জঙ্গিবাদ নিরসন করা সম্ভব নয়। ডির‍্যাডিক্যালইজেশন ও পুনর্বাসন কার্যক্রমের পাশাপাশি যে ভুল মতবাদের মাধ্যমে যুবকদের জঙ্গিবাদে জড়ানো হয়, তার পাল্টা মতবাদ দাঁড় করাতে হবে।