চট্টগ্রামে কর্মশালায় বক্তারা বলেছেন, সংবিধান, শিশু আইন, জাতীয় শিশুনীতি, শিশু আইন এবং বাংলাদেশ শ্রম আইনে শিশু অধিকারের কথা বলা হলেও আলাদাভাবে পথশিশুদের কথা আইনে নেই। ফলে সমাজে সবচেয়ে অবহেলা এবং বঞ্চনার শিকার হচ্ছে পথশিশুরা। এদের মধ্যে আবার মেয়েরা শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে। অনেক সময় পাচার হয়ে যাচ্ছে।গতকাল সোমবার চট্টগ্রাম ক্লাবে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) পথশিশু সুরক্ষাবিষয়ক বিভাগীয় কর্মশালার আয়োজন করে। সংগঠনের পরিচালক (অ্যাডভোকেসি) কোহিনূর বেগমের পরিচালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম। এ ছাড়া কর্মশালায় বাংলাদেশ শিশু একাডেমীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলররা, অপরাজেয় বাংলাদেশ, ইপসা, ব্রাইট বাংলাদেশ ফোরাম, ওয়ার্ল্ড ভিশন, ঘাসফুল, ফুলকি, বিটা, ইউসেপ, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা প্রভৃতি।কোহিনূর বেগম বলেন, বিএনডব্লিউএলএ ১৯৭৯ সাল থেকে নারী ও শিশুদের অধিকার আদায়ে এবং সুরক্ষায় আইনি সহায়তা দিচ্ছে। পথশিশুদের অধিকার সুরক্ষায় ১২টি বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে এমএফএসসিআর নামে একটি নেটওয়ার্ক গঠন করেছে। পথশিশুদের সুরক্ষায় প্রচলিত আইনের সংশোধন বা নতুন আইন প্রণয়নে সমাজের সব স্তরের জনগণের অংশগ্রহণ প্রয়োজন।আমেনা বেগম বলেন, দেশে জনসংখ্যা বৃদ্ধি বিরাট সমস্যা। পথশিশুরাই মাদক পাচার, খুন, ছিনতাই, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়ছে। সরকারকে কিশোর আদালতের সঠিক নীতিমালা প্রণয়ন ও তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।