পথশিশুদের জন্য পঞ্চগড়ে ১০টি শিশুপল্লি গড়ছে আহ্ছানিয়া মিশন
পথশিশুদের আশ্রয় দিতে ঢাকা আহ্ছানিয়া মিশন পঞ্চগড়ে গড়ে তুলছে ‘আহ্ছানিয়া মিশন চিলড্রেন সিটি’। সেখানে পর্যায়ক্রমে ১০টি শিশুপল্লি গড়ে তোলা হবে, যাতে আশ্রয় পাবে প্রায় ১০ হাজার পথশিশু। তাদের সেখানে কর্মমুখী শিক্ষার পাশাপাশি উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত পড়ালেখা করানো হবে। ২১ এপ্রিল এই চিলড্রেন সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।গতকাল রোববার আহ্ছানিয়া মিশনের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম জানান, দেশে প্রায় ১৩ লাখ পথশিশু রয়েছে। স্নেহমমতা-বঞ্চিত এই পথশিশুরা হারিয়ে যাচ্ছে অনিশ্চিত অন্ধকার পথে। সমাজের এই শ্রেণীকে পুনর্বাসন করা না গেলে কেউই ভালো জীবন যাপন করতে পারবে না।কাজী রফিকুল আলম জানান, তাঁদের সিটিতে আশ্রয় পাওয়া শিশুদের মাধ্যমিক পর্যায়ে কর্মমুখী-কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় পারদর্শী করে জাতীয় পর্যায়ের নেতৃত্বে অংশগ্রহণের জন্য যোগ্য করে তোলা হবে। শিশুপল্লিতে তারা হাঁস-মুরগি ও গবাদিপশু পালনসহ মাছ চাষ করে নিজেরা চলবে এবং পরবর্তী সময়ে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে।পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জলাপাড়া গ্রামে প্রথম শিশুপল্লি তৈরি করা হবে। এ ধরনের ১০টি শিশুপল্লি গড়ার পরিকল্পনা আছে মিশনের। শিশুপল্লিতে পড়াশোনার জন্য বিদ্যালয় ও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। শিশুরা ছয় থেকে আট বছর বয়সের মধ্যে ভর্তি হয়ে ১৮ বছর বয়স পর্যন্ত সেখানে থাকবে। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক এম এহ্ছানুর রহমান ও সাবেক সচিব মোহাম্মদ লুৎফর রহমান তালুকদার বক্তব্য দেন।