পথসভা সম্পর্কে পুলিশকে জানাচ্ছেন না প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালায় পথসভা বা ঘরোয়া সভা করতে চাইলে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে পুলিশ কর্তৃপক্ষকে সভার স্থান ও সময়ের ব্যাপারে বলা আছে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র বা কাউন্সিলর প্রার্থীদের কেউ এটি যথাযথভাবে মানছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার সদর থানায় গিয়ে জানা যায়, প্রতীক বরাদ্দের পর থেকে কোনো প্রার্থীর পক্ষ থেকেই পথসভা বা ঘরোয়া সভা সম্পর্কে পুলিশকে সেভাবে জানায়নি। বিএনপির পক্ষ থেকে আগে একবার তাদের পথসভা সম্পর্কে লিখিতভাবে জানানো হয়েছে। আর বিকেলে আওয়ামী লীগ লিখিতভাবে তাদের পথসভা সম্পর্কে জানিয়েছে। এ সময় বিএনপির আরেকটি লিখিত আবেদন দেখা যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম বলেন, গত বুধবার মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র আবদুল মতিনের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটি ওই দিন বিকেলে একটি পথসভা সম্পর্কে জানায়। স্থান হিসেবে উল্লেখ করা হয় মাদ্রাসা মোড়। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বহু মাদ্রাসা রয়েছে। এর মধ্যে কোন মাদ্রাসা মোড়ে পথসভা হবে তা বোঝা যায়নি।
এ ব্যাপারে বর্তমান মেয়র আবদুল মতিন বলেন, ‘আমার নির্বাচনী পরিচালনা কমিটির পক্ষ থেকে দিনের কর্মসূচি ওই দিন সকালে জানানো হয়।’
আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী সামিউল হকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইকবাল মাহমুদ খান বলেন, ‘আমি এ ব্যাপারে জানি না। আতিকুল ইসলাম জানে।’ নির্বাচন পরিচালনাকারী কমিটির সদস্য আতিকুল ইসলাম সভার বিষয়টি পুলিশ প্রশাসনকে না জানানোর বিষয়টি স্বীকার করে বলেন, ‘আগামীকাল থেকে জানানো হবে।’