লংমার্চ উপলক্ষে ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে পথসভার স্থান নির্ধারণের সময় জেলা বিএনপির দুটি অংশের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের তিন-চারজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় এ ঘটনা ঘটে।বিএনপি, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আগামী সোমবার বিএনপির লংমার্চ উপলক্ষে ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হবে। পথসভার স্থান নির্ধারণের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান ও বিএনপির উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) রুহুল আমীন শেরপুর আসেন। এ সময় জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বাধীন অংশ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অবস্থান করে। কেন্দ্রীয় নেতারা তাঁদের সঙ্গে পথসভা নিয়ে বৈঠক করেন।অন্যদিকে বিএনপি কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেদা রব্বানীর নেতৃত্বাধীন অংশ শেরপুর গোলচত্বর এলাকায় অবস্থান নেয়। রাত আটটার দিকে খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা মিছিলসহ পথসভার স্থান সরেজমিন দেখতে আসেন। এ সময় অন্য পক্ষও মিছিল করে। নেতারা পথসভার স্থান দেখে ফিরে গেলে দুই পক্ষের মিছিল মুখোমুখি হলে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় স্থানীয় বিএনপি নেতা আবদুস সামাদ, ছাত্রদলের নেতা রফি আহমদসহ তিন-চারজন আহত হয়েছেন।মৌলভীবাজারের পুলিশ সুপার হারুন অর রশীদ গতকাল শুক্রবার জানান, বিএনপির কেন্দ্রীয় নেতারা পথসভার স্থান দেখতে এসেছিলেন। এ সময় দুই গ্রুপ মুখোমুখি হয়ে পড়ে। তবে তেমন কোনো সমস্যা হয়নি।