জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডে নতুন গ্যাস-সংযোগ বন্ধের বিরুদ্ধে আন্দোলনে ১০ দিনে ১০টি পথসভা করে গতকাল শনিবার টানা কর্মসূচি সমাপ্ত করেছে ‘গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন’।
গতকাল বিকেলে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল ও গোটাটিকর এলাকায় পথসভা করে ২১ মে জনসভা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সিলেট নগরের কেন্দ্রস্থলের কোর্ট পয়েন্টে বেলা তিনটায় ওই জনসভা থেকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রতিরোধ আন্দোলনের নেতারা।
এদিকে গতকাল সন্ধ্যা সাতটায় গোটাটিকর এলাকায় পথসভা চলাকালে মাইক ভাঙচুর ও ব্যানার কেড়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। হামলায় আন্দোলন কমিটির যুগ্ম আহ্বায়ক আবু জাফর মাথায় আঘাত পেয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের দলের বিরুদ্ধে বলছেন কেন? এই বলে একদল লোক হামলা চালায়।’