পথহারা মায়া হরিণ আবার বনে জাতীয় উদ্যানে ঠাঁই কাছিমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় মানুষের সচেতনতা ও বন বিভাগের সময়োচিত হস্তক্ষেপে রক্ষা পেল একটি বিরল মায়া হরিণের জীবন। গতকাল মঙ্গলবার মৌলভীবাজারের বড়লেখায় হরিণটি ধরা পড়ার পর এটিকে আবার বনে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে ফেনীতে পাওয়া বিলুপ্তপ্রায় একটি প্রজাতির কাছিমকে নিরাপদে সংরক্ষণের উদ্দেশ্যে ভাওয়াল জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে। এই উদ্যোগ অতি বিরল প্রজাতির কাছিমটির সংরক্ষণ-প্রচেষ্টায় সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে।বড়লেখা উপজেলার মাধবছড়া বিট-সংলগ্ন গ্রাম পানিধারে মঙ্গলবার সকালে একটি মায়া হরিণ ঢুকে পড়লে লোকজন এটিকে তাড়া করে ধরে ফেলে। পরে বন বিভাগ খবর পেয়ে হরিণটিকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলার আদমপুর বনে ছেড়ে দেয়।বন বিভাগের জুড়ী-২ রেঞ্জ কর্মকর্তা হেলাল উদ্দিন প্রথম আলোকে জানান, পানিধার এলাকায় লোকজন দৌড়ে একটি মায়া হরিণ আটক করে। পরে বন বিভাগ খবর পেয়ে সেটিকে উদ্ধার করে। হরিণটি সুস্থ আছে।দেশের বনাঞ্চলসংলগ্ন জনপদে দলছুট হরিণ, অজগর বা অন্য কোনো বন্য প্রাণী চলে এলে অনেক ক্ষেত্রেই মানুষের লোভ বা অসচেতনতার শিকার হয়ে মারা পড়ে।শ্রীমঙ্গলের সহকারী বন সংরক্ষক মো. মিজানুর রহমান প্রথম আলোকে জানান, মায়া হরিণটিকে কমলগঞ্জ উপজেলার আদমপুর বন বিটের গভীর অরণ্যে ছেড়ে দেওয়া হয়েছে। এটি হয়তো মাধবছড়ার বন থেকেই লোকালয়ে চলে এসেছিল।বন বিভাগ সূত্রে জানা গেছে, আটক হরিণটি দৈর্ঘ্যে তিন ফুট আট ইঞ্চি ও উচ্চতায় দুই ফুট।এদিকে ফেনীর দাগনভূঞার একটি গ্রামের পুকুরে থাকা অতি বিরল প্রজাতির একটি কাছিম উদ্ধার করে এটিকে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে। জীববৈচিত্র্য গবেষণাবিষয়ক বেসরকারি সংস্থা ক্যারিনামের উদ্যোগে সামাজিক বন বিভাগীয় কর্মকর্তার সহায়তায় কাছিমটি উদ্ধার করা হয়। জায়লস্কর ইউনিয়নের আলমপুর গ্রামের কাজী বাড়ির পুকুরে ছিল এ কাছিম। গ্রামের বর্ষীয়ান লোকজনের মতে, এর বয়স প্রায় এক শ বছর। ‘ক্যারিনাম’-এর প্রধান নির্বাহী ও জীববৈচিত্র্য বিশেষজ্ঞ এস এম এ রাশিদ স্থানীয় সাংবাদিকদের বলেন, দাগনভূঞায় পাওয়া কাছিমটি মিঠাপানির বাটাগোর বাস্কা প্রজাতির। এটি মিঠাপানির ২২ প্রজাতির কাছিমের অন্যতম। বাটাগোর বাস্কা প্রজাতির কাছিম বাংলাদেশ ছাড়া পৃথিবীতে প্রায় বিলুপ্ত। সর্বশেষ ভারত, পাকিস্তান, মিয়ানমার, থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় এ প্রজাতির কাছিম পাওয়া যেত। ১৯৯০ সালের পর থেকে এই প্রজাতির স্ত্রী কাছিম বাংলাদেশের প্রকৃতিতেও পাওয়া যায়নি। শুধু গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে ১০টি পুরুষ ও দুটি স্ত্রী কাছিম সংরক্ষিত রয়েছে।স্থানীয়ভাবে কাছিমটির নাম রাখা হয়েছিল মান্দারি কচুরি। এটির ওজন প্রায় ২০ কেজি। স্ত্রী কাছিমটির সন্ধান পেয়ে দারুণভাবে আলোড়িত উদ্ধারকারী টার্টল সারভাইভ্যাল অ্যালায়েন্সের (টিএসএ) ভারতীয় গবেষক রূপালী ঘোষ। তাঁর মতে, এটি পাওয়ায় বিলুপ্তির পথে থাকা প্রজাতিটি সংরক্ষণের পথ কিছুটা হলেও সুগম হবে। বিশেষজ্ঞ দলটি প্রিয় ‘মান্দারি কচুরিকে’ নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী আবেগাপ্লুুত হয়ে ওঠে। কাজী বাড়ির করিমুল হক ও আবদুল মালেক জানান, তাঁদের দাদা কাজী সরাফত আলী আনুমানিক এক শ বছরের বেশি আগে বাড়ির পাশে অবস্থিত ‘ছোট ফেনী’ নদীতে মাছ ধরতে গিয়ে কাছিমটি পান। ওই সময় থেকে তাঁরা একে বাড়ির পুকুরে লালন পালন করে আসছিলেন।