পথে অসুস্থ সাবেক সেনা কর্মকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেই গাড়ি চালিয়ে আসছিলেন তিনি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে। কুমিল্লায় এসে থামলেন একটি সিএনজি ফিলিং স্টেশনে। সেখানেই অসুস্থবোধ করলেন হঠাৎ। বুকে ব্যথা। উপস্থিত লোকজনকে ডেকে বললেন দ্রুত তাঁকে কোনো হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু কেউ সাড়া দিলেন না তাঁর আবেদনে। ক্রমেই সংকটাপন্ন হয়ে আসছিল তাঁর অবস্থা। এভাবেই পেরিয়ে গেল প্রায় তিন ঘণ্টা। ব্যথায় কাতর অসুস্থ মানুষটি সবার চোখের সামনেই অবশেষে ঢলে পড়লেন মৃত্যুর কোলে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের কাইচ্ছুটি ইউনিভার্সেল ফিলিং স্টেশনে। বিনা চিকিৎসায় সেখানে মারা গেছেন মেজর (অব.) রুহুল আমিন (৪৫)।রুহুল আমিনের পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কাজ শেষে চট্টগ্রাম থেকে তিনি নিজেই গাড়ি চালিয়ে ঢাকায় ফেরার পথে সকাল আনুমানিক সাড়ে সাতটায় ওই ফিলিং স্টেশনে গাড়ি থামান। একপর্যায়ে সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি ফিলিং স্টেশনে কর্মরত ম্যানেজারসহ উপস্থিত লোকজনকে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে অনুরোধ জানান। তাঁর কাকুতি-মিনতিতে কারও সাড়া মেলেনি। তিনি সেখানে তিন ঘণ্টা ব্যথায় ছটফট করেন। সাড়ে ১০টার দিকে তিনি সেখানে মারা যান। পরে স্বজনেরা এসে তাঁর লাশ নিয়ে যায়।এ ব্যাপারে ওই সিএনজি ফিলিং স্টেশনের মালিক ফেনীর খাজুরিয়া গ্রামের শাহজাহান সাজুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তিনি হজে যাওয়ায় তাঁকে পাওয়া যায়নি। ফিলিং স্টেশনের ব্যবস্থাপক শামীম বলেন, ‘অসুস্থ ব্যক্তিটির মুঠোফোনের মাধ্যমেই তাঁর স্ত্রী ও ভাইকে বিষয়টি জানানো হয়। তাঁরা আসছেন শুনে এবং পরিবহনের ব্যবস্থা না করতে পেরে আমরা তাঁকে হাসপাতালে পাঠাতে পারিনি।’ রুহুল আমিন সেনাবাহিনীর লোক জানতে পেরে তাঁরা কোনো কিছু করতে সাহস পাননি বলে শামীম জানান। এ বিষয়ে রুহুল আমিনের ছোট ভাই মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মাহবুব হোসেন প্রথম আলোকে জানান, ‘আমরা বারবার ফিলিং স্টেশনের ম্যানেজারকে ফোন করে আমার ভাইকে হাসপাতালে নেওয়ার অনুরোধ জানালেও তাঁরা চিকিৎসার ব্যবস্থা করেননি। সময়মতো হাসপাতালে নেওয়া গেলে আমার ভাইয়ের এমন করুণ মৃত্যু হতো না।’এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, ‘শুনেছি এক ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তবে কেউ কোনো অভিযোগ করেননি।’