পথে আর ঘাটে নাকাল কোরবানির পশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া ঘাটে গতকাল ঢাকাগামী গবাদিপশু বোঝাই কয়েক শ ট্রাক আটকে থাকতে দেখা যায়

সড়কে খানাখন্দের কারণে অসহনীয় ঝাঁকুনি। এরপর ঘাটে পৌঁছে ভ্যাপসা গরম আর বৃষ্টি মাথায় নিয়ে ফেরির জন্য দীর্ঘ অপেক্ষা। এসব কারণে অসুস্থ হয়ে পড়ছে কোরবানির পশু। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে অপেক্ষমাণ পশুর মালিক ও ট্রাকচালকদের সঙ্গে কথা বলে এ কথা জানা গেছে।

গতকাল সোমবার সরেজমিনে ঘাটে গিয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা ঢাকাগামী গবাদিপশুবোঝাই কয়েক শ ট্রাক আটকে থাকতে দেখা যায়। এসব ট্রাকের পাশাপাশি যাত্রীবাহী বাস ও অন্যান্য জরুরি পণ্যবাহী গাড়ি মিলিয়ে ফেরিঘাট থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটারজুড়ে যানজট। ঘাটে পৌঁছানোর পর গাড়িগুলোকে ফেরির জন্য চার থেকে পাঁচ ঘণ্টা করে অপেক্ষা করতে হচ্ছে।

বেলা একটার দিকে ঘাটে কথা হয় চুয়াডাঙ্গার মো. ফুল মিয়ার সঙ্গে। তিনি বলেন, প্রায় আট লাখ টাকা দামের নয়টি গরু নিয়ে এসেছেন তিনি। দৌলতদিয়া ঘাটে পৌঁছেছেন চার ঘণ্টা আগে। সামনে যতগুলো গাড়ি আছে, তাতে ফেরি পেতে তাঁকে আরও ঘণ্টা দেড়েক অপেক্ষা করতে হবে।

ফুল মিয়া বলেন, সড়কজুড়ে অসংখ্য খানাখন্দের কারণে গাড়ি প্রচণ্ড ঝাঁকুনি খাচ্ছে। এরপর ঘাটে পৌঁছে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় গরুগুলো আরও অসুস্থ হয়ে পড়ছে।

রাজবাড়ী থেকে আসা গরুর ব্যাপারী আকের আলী বলেন, প্রচণ্ড গরমের পাশাপাশি থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে ঘণ্টার পর ঘণ্টা ঘাটে আটকা থাকলে গরুগুলো মারা যেতে পারে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, বর্তমানে ১৬টি ফেরি চালু রয়েছে। পশুবাহী ট্রাক ছাড়াও যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যের গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। তবে ফেরির সংখ্যা আরও বেশি থাকলে এই সমস্যা দূর হতো।