পথে এমন মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসার জন্য মা ও স্ত্রীকে নিয়ে দু-এক দিনের মধ্যে ভারতে যাওয়ার কথা ছিল চট্টগ্রামের ব্যবসায়ী মাসুদুল হকের। বিমানের টিকিট কাটার জন্য গতকাল বুধবার দুপুরে ছেলেকে নিয়ে নগরের কোতোয়ালি মোড়ের একটি ট্রাভেল এজেন্ট অফিসে যাচ্ছিলেন তিনি। পথে বাবা-ছেলের ওপর হঠাৎই একটি পুরোনো দেয়াল ধসে পড়ে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকার সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্কুলমাঠের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ গতকাল দুপুর ১২টার দিকে হঠাৎ ধসে পড়ে। তখন মাসুদুল হক (৪৫) তাঁর ছেলে তৌসিফ মাহিদকে (১৩) নিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন।
নগরের বলুয়াদীঘিপাড়ের বাসিন্দা মাসুদুল হকের কাপড়ের ব্যবসা রয়েছে। ছেলে তৌসিফ নগরের লামাবাজার সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত। তাঁর আরেক মেয়ে নগরের একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে।
দেয়ালধসের পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। দুর্ঘটনার খবর পেয়ে মাসুদুলের স্ত্রী শামীমা আক্তার, ভাই আফসারুল হক, সিরাজুল হকসহ স্বজনেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় স্বজনেরা ছিলেন বাকরুদ্ধ। বিকেল সাড়ে তিনটায় মাসুদুল হক ও তাঁর ছেলের মরদেহ হাসপাতাল থেকে গ্রহণ করে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের হাতে তুলে দেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুল ইসলাম। তিনি বলেন, ময়নাতদন্ত না করার জন্য মাসুদুল হকের বড় ভাই আফসারুল হক আবেদন করেছিলেন।
এর আগে দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজমাঠে মাটি এনে স্তূপ করে রাখা হয়েছে। আশপাশের লোকজন বলেন, কয়েক দিন ধরে বাইরে থেকে মাটি এনে মাঠের উঁচু-নিচু অংশ সমতলের কাজ চলছিল। বৃষ্টির কারণে কাজে সমস্যা হচ্ছিল। এই প্রাচীর অনেক পুরোনো বলে জানান তাঁরা। রাস্তা থেকে প্রাচীরের উচ্চতা প্রায় ৪ ফুট।
সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্রদীপ রোজারিও প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদের নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার জন্য মাঠের সংস্কারকাজ শুরু করেন তাঁরা। এর মধ্যে মাঠের দেয়াল ধসে মর্মান্তিক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত।’
দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন, অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ্ মো. আবদুর রউফসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। তাঁরা আশপাশের মানুষ ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় বাসিন্দা প্রণব ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, বিকট শব্দ শোনার পর তিনি ঘটনাস্থলে ছুটে যান। ধসে পড়া দেয়ালের নিচে দুজনের মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। আরও লোকজন জড়ো হওয়ার পর দেয়ালের ইট সরিয়ে দুজনকে উদ্ধার করেন তাঁরা। তিনি আক্ষেপ করে বলেন, আহত দুজনকে হাসপাতালে নেওয়ার জন্য অনেক বলার পরও কয়েকজন সিএনজিচালিত অটোরিকশাচালক রাজি হচ্ছিলেন না। অনেক অনুরোধ করার পর একজন চালক দুজনকে অটোরিকশায় তুলতে রাজি হন।
নিহত মাসুদুল হকের ভগ্নিপতি মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, অসুস্থ মা ও স্ত্রীকে নিয়ে দুদিন পর ভারতে যাওয়ার কথা ছিল যাঁর (মাসুদুল), সে ছেলেসহ এভাবে চলে যাবে! কীভাবে এ শোক সামাল দেবেন তাঁরা!