
বগুড়ার মহাস্থান হাট থেকে সবজি নিয়ে ট্রাক যায় চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার আর ঢাকার কারওয়ান বাজারে। পথে পথে চাঁদা দিয়ে যেতে হয় ট্রাকগুলোকে। এ নিয়ে অভিযোগের শেষ নেই।
২১ জুলাই। সবজি নিয়ে ট্রাকটি যাবে চট্টগ্রামে। পথে পথে চাঁদাবাজি দেখার জন্য উঠে পড়লাম ট্রাকে। ট্রাকচালক মজনু মিয়া ও তাঁর সহকারী আক্কাস আলী। ট্রাকভর্তি কাঁচামরিচ, বরবটি, করলা, শসা, বেগুন, মুলা, ঢ্যাঁড়স, ছাঁচিলাউসহ প্রায় ১০ টন সবজি।
মহাস্থান হাট থেকে বেলা ১১টার দিকে যাত্রা শুরু। চালক মজনু মিয়ার পাশের আসনেই আমি। বগুড়ার মাটিডালি মোড় পার হওয়ার পরই দেখা গেল, ট্রাক শ্রমিক ইউনিয়নের নামে ট্রাক থামিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। থামলেন না অবশ্য মজনু মিয়া। বললেন, ‘অন্য জেলার ট্রাকে ৫০ টাকা চাঁদা দিতে হবি, হামরা বগুড়ার মালিকের ট্রাক চালাই, বগুড়ার মালিকের ট্রাকে চাঁদা এখানে মওকুফ।’
বগুড়া থেকে রংপুর-ঢাকা মহাসড়ক ধরে এগোনোর পর দুপুরের দিকে সিরাজগঞ্জ মোড়ে পৌঁছতেইপ্রথম বিপত্তি বাধল। অভিজ্ঞ মজনু মিয়া বললেন, ‘হাইওয়ে পুলিশ গাড়ির কাগজপত্র চেক করিচ্চে। চেক-ফেক কিচু লয়, এডা তারগেরে চান্দা লেওয়ার ধান্দা।’ আগে থেকেই সহকারী আক্কাস আলী কাগজপত্র নিয়ে নেমে গেলেন। একটু পর ফিরে এসে বললেন, ‘ওস্তাদ গাড়ি ছাড়েন, ২০০ টেকা লিচে।’
আধা ঘণ্টা পর ট্রাকটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তের টোল প্লাজায় পৌঁছানোর আগেই সেতুর পশ্চিম থানার পুলিশের দুজন সদস্য ধীরগতির ট্রাকটির দিকে এগিয়ে এলেন। হাত বাড়িয়ে দিলেন চালকের দিকে। মজনু মিয়া মুঠোর মধ্যে ১০০ টাকার দুটি নোট গুঁজে আস্তে করে ছুড়ে দিলেন। সেতু পার হওয়ার পর পূর্ব থানার পুলিশের একজন সদস্য ঠিক একইভাবে এগিয়ে এলেন। এবার তাঁকে দেওয়া হলো ১০০ টাকার একটি নোট।
টাঙ্গাইল বাইপাস মোড়েই থামানোর ইশারা করলেন ট্রাফিক পুলিশের একজন সদস্য। গাড়ি থেকে নেমে গেলেন সহকারী। ফিরে এসে জানালেন, ‘(মুদ্রণ অযোগ্য) ৩০০ টেকা লিল।’ বিকেলের দিকে কালিয়াকৈর মোড়ে ঠিক একইভাবে ট্রাকটি থেমে গেল।
একই ঘটনার পুনরাবৃত্তি। সহকারী নেমে গেলেন, ফিরে এসে জানালেন ‘পুলিশ ২০০ টেকা চান্দা লিল।’
এরপর ভয়াবহ যানজটে অনেকক্ষণ আটকে থাকার পর গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকার বাইপাস সড়কের কাঞ্চন সেতুতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা। এরই মধ্যে গাজীপুর চৌরাস্তায় এবং কাঞ্চন সেতু এলাকায় ট্রাফিক পুলিশ দুই দফা ট্রাক থামিয়ে নিল আরও ৩০০ টাকা।
চট্টগ্রামের পথে সন্ধায় সোনারগাঁও মেঘনা সেতু এলাকায় আবার ট্রাক থামালেন মজনু মিয়া। সহকারীকে পাঠিয়ে দিলেন সামনে। ফিরে এসে আক্কাস আলী জানালেন, ‘ওস্তাদ ২০০ টেকা’। আবার চলতে শুরু করল ট্রাক। মজনু মিয়া জানালেন, ‘আগে নেমে টাকা না দিলে পুলিশ নানা ঝামেলা করে। মারপিটও করে।’ একটু সামনেই মদনপুর। হাইওয়ে পুলিশ তখন যানবাহন তল্লাশি করছিল। আবারও নেমে গেলেন সহকারী। আবারও ২০০ টাকা। রাতে আবার হাইওয়ে পুলিশের চাঁদাবাজি। এর মধ্যে কুমিল্লার দাউদকান্দিতে দিতে হলো ৪০০ টাকা এবং ইলিয়েটগঞ্জে আরও ৪০০ টাকা। এ ছাড়া কুমিল্লা রেলক্রসিংয়ে ২০০ টাকা, গৌরীপুরে ৪০০ টাকা এবং মিঞাবাজারে পুলিশকে দিতে হলো আরও ৪০০ টাকা।
মুক্তি নেই মধ্যরাতেও। এ সময়েও হাইওয়ে পুলিশকে চাঁদা দিতে হলো ফেনীর মহীপাল, লেমুয়া সেতু দরগারহাট এবং চট্টগ্রামের বারিয়ারহাটে। এসব জায়গায় আবার চাঁদার পরিমাণ বেশি, ৫০০ টাকা করে। শেষ রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ চাঁদা নেয় ৫০০ টাকা। তবে অনেক ক্ষেত্রেই চাঁদা আদায়কারী পুলিশ থানার না হাইওয়ের, তা বুঝতে পারা যায়নি।
মহাসড়কের দাউদকান্দি ও সীতাকুণ্ড ওজন স্টেশনে অতিরিক্ত মালামাল আছে এ অজুহাতে ট্রাক আটকানো হয়। এখানে এক হাজার টাকা করে চাঁদা নিয়ে ট্রাক ছেড়ে দেওয়া হলো। চালক মজনু মিয়া জানান, মহাসড়কের ওজন স্টেশনগুলোয় ১৫ টন পর্যন্ত মালামাল বহনকারী ট্রাক ছেড়ে দেওয়ার কথা। বঙ্গবন্ধু সেতুতে এ নিয়ে কোনো ঝামেলা হয় না। কিন্তু মেঘনা, দাউদকান্দি ও সীতাকুণ্ড ওজন স্টেশনে মালামাল বেশি আছে এই অজুহাতে দুই থেকে তিন হাজার টাকা দাবি করা হয়। তবে এক হাজার টাকা করে দিলেই হয়ে যায়।
সকালে চট্টগ্রামে পৌঁছালেও দুর্ভোগ শেষ হয় না। সকাল আটটার পর নগরের মোড়ে মোড়ে আবার ট্রাফিক পুলিশের চাঁদাবাজি। এর মধ্যে বার আউলিয়া মাজারের কাছে গাড়ি থামিয়ে ৫০০ টাকা, অলংকার মোড়ে ৩০০, সিটিগেটে ৩০০, এ কে খান মোড়ে ৩০০, বারেকপুর ২০০, সাগরিকা মোড়ে ৩০০, রশিদ বিল্ডিংয়ে ২০০, টাইগারপাসে ২০০, আগ্রাবাদে ৩০০ এবং নয়াবাজারে দিতে হয় ৩০০ টাকা।
রিয়াজউদ্দিন বাজারে গিয়ে কথা হয় কাঁচামাল আড়ত লাকি ট্রেডার্সের ব্যবস্থাপক রিপন কুমার সাহার সঙ্গে। তিনি বলেন, ‘উত্তরবঙ্গ থেকে আসা সবজির ট্রাক থেকে পুলিশের চাঁদাবাজিতে ব্যবসায়ীরা অতিষ্ঠ। চাঁদাবাজির অভিযোগ করেও কোনো লাভ হয় না। রিয়াজউদ্দিন বাজারের কাঁচামাল আড়তদার কল্যাণ সমিতির সভাপতি হাজি আবুল বশর সওদাগর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সবজির ট্রাক থেকে চাঁদাবাজি বন্ধ করতে মহানগর পুলিশের কাছে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, বৈঠক হয়েছে, আন্দোলন করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। কারণ সবাই ভাগ পায়।’
জানতে চাইলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকির দায়িত্বে থাকা বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহামঞ্চদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘সবজির ট্রাকে চাঁদাবাজি হলে পরিবহন খরচ বেড়ে যায়। পরিবহন খরচ বেড়ে গেলে বেড়ে যাবে সবজির বাজার মূল্যও। ক্রেতাদের অতিরিক্ত মূল্যে সবজি কিনতে হবে। সবজি পরিবহনের ট্রাক থেকে চাঁদাবাজি বন্ধে প্রশাসনের পক্ষে থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’
এই আশ্বাসের পরও কোনো কাজ হয়নি। খোঁজ নিয়ে জানা গেল, পথে পথে চাঁদাবাজি চলছে সেই আগের মতোই।