পথে পথে চাঁদাবাজি দালালদের সিন্ডিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পাইকারি সবজির বাজারে তৈরি হয়েছে মধ্যস্বত্বভোগী ও দালালদের সিন্ডিকেট। কুমিল্লা থেকে ঢাকায় আসার পথে চারটি স্থানে চাঁদাবাজির শিকার হচ্ছেন সবজির পাইকারি বিক্রেতারা। সেই সঙ্গে বেড়েছে সবজির পরিবহন ব্যয়। বৃষ্টির কারণে এবার সবজির উৎপাদনও হয়েছে কম। খুচরা বাজারে ওই সবজি বিক্রি হচ্ছে বেশি দামে। তবে চাষিরা পাচ্ছেন না ন্যায্য দাম।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই ধারে অবস্থিত দেশের অন্যতম বড় সবজির বাজার কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার। উৎপাদিত বিভিন্ন সবজি নিয়ে সারা বছরই জমজমাট থাকে বাজারটি। প্রতিদিন এ বাজার থেকে প্রায় ২০০ ট্রাক সবজি দেশের বিভিন্ন স্থানে যায়। তা ছাড়া নছিমন, করিমন ও সিএনজিচালিত অটোরিকশা দিয়ে সবজি চলে যায় জেলার বিভিন্ন স্থানে।নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের পাইকারি ব্যবসায়ীরা গতকাল শনিবার বলেন, নিমসার থেকে সবজি বহনকারী প্রতি ট্রাক থেকে ২০০ টাকা করে চাঁদা নেন ক্ষমতাসীন দলের নেতারা। একই ট্রাককে দাউদকান্দি, গৌরীপুর বাসস্ট্যান্ড, কাঁচপুর সেতু এলাকা ও কারওয়ান বাজারে প্রবেশপথে পুলিশকে ১০০ টাকা করে দিতে হয়। সব মিলিয়ে ট্রাকপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা করে চাঁদা দিতে হয় ব্যবসায়ীদের। তার ওপর বেড়েছে ট্রাকভাড়া। এসব কারণে আগের চেয়ে বেশি দামে সবজি বিক্রি করতে হচ্ছে। এ ব্যাপারে কথা হয়, নিমসার সবজিবাজার সমিতির সভাপতি ও বাজার ইজারাদার এবং বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ূন কবিরের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা কেবল খাজনা নিয়ে থাকি। পরিবহন থেকে বড় ট্রাকপ্রতি ১০০ টাকা করে নেয় পরিবহন নেতারা; আমরা নই। আর পথের মধ্যে পুলিশ হয়তো টাকা নেয়। চাঁদাবাজির সঙ্গে আমরা জড়িত নই।’কুমিল্লার পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান বলেন, ‘আমার কাছে চাঁদাবাজির কোনো অভিযোগ আসেনি। এলে ব্যবস্থা নেব।’নরসিংদী: গতকাল শিবপুর উপজেলার যোশর পাইকারি সবজিবাজারে কথা হয় রায়পুরা উপজেলার আদিয়াবাদ নয়াচর গ্রাম থেকে আসা সবজিচাষি নান্নু মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘পাইকাররা এলাকার দালালগো লগে হাট বসার আগেই মিলমিট কইরা একটা দাম ঠিক করে। আর সেই দামেই পাইকাররা বাজার থেকে সবজি কিনে। সিন্ডিকেটের কারণে কেউ অতি অল্প লাভে, কোনো রকম পর্তা (মূলধন) পড়ে এমন দামে আবার কোনো কোনো সময় লোকসান দিয়াও আমাদের সবজি বিক্রি করতে হয়।’শুধু যোশর নয় শিবপুর, জঙ্গলি শিবপুর, বারৈচা, নারায়ণপুর, সৃষ্টিগড় কোন্দারপাড়া সবজির হাটের চাষিদেরও একই সমস্যা। বাজারে সবজি নিয়ে এলে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। বিষয়টি নিশ্চিত করে নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু নাসের সিদ্দিক বলেন, ‘মধ্যস্বত্বভোগীরা সিন্ডিকেটের মাধ্যমে কৃষি খাতকে ধ্বংস করছে। এতে একদিকে ন্যায্যমূল্য না পেয়ে চাষিরা ভোগান্তি পোহাচ্ছেন, অন্যদিকে উচ্চমূল্যে সবজি কিনতে হচ্ছে সাধারণ মানুষকে।’এ ব্যাপারে কারওয়ান বাজারের পাইকারি সবজি ব্যবসায়ী আসাদ মিয়া বলেন, ‘কোনো সিন্ডিকেট করে সবজি কেনা হয় না। ন্যায্যমূল্য দিয়ে আমরা সবজি কিনি। পরিবহন খরচসহ বিভিন্ন খাতে ভর্তুকি দিয়ে বাজারে বিক্রির সময় আমাদের বেশি লাভ থাকে না।’বগুড়া: বগুড়ার খুচরা বাজারগুলোতে সবজির দাম অস্বাভাবিক বেড়ে গেছে। প্রতি কেজি ৪০ টাকার নিচে কোনো সবজি নেই। ক্রেতাদের বেশি দাম দাম দিয়ে এসব সবজি কিনতে হলেও প্রকৃত চাষিরা দাম পাচ্ছেন আরও কম। এর পরও চাষিরা আগের চেয়ে সবজির দাম ভালো পেয়ে খুশি। এ ব্যাপারে জেলার বৃহৎ মহাস্থানহাটে শিবগঞ্জ উপজেলার কুড়াহাট গ্রামের আইনুল হক বলেন, এবার সবজিতে ভালো দাম পাওয়া গেছে।ঝিনাইদহ: দক্ষিণাঞ্চলের বৃহৎ সবজিবাজারগুলোর অন্যতম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে সবজি বিক্রি করে কৃষকেরা খুশি নন। উপজেলার ফুলবাড়ী গ্রামের আশরাফ আলী বলেন, গতকাল এক মণ বেগুন ৩০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। সার-কীটনাশকের মূল্য বৃদ্ধি ও কৃষিশ্রমিকের মজুরি দিয়ে যে টাকা জমিতে খরচ হচ্ছে, বর্তমান দামে বেগুন বিক্রি করে বেশি লাভ পাওয়া যাচ্ছে না। গাজীপুর: শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নিমুরিয়া গ্রামের কৃষক বিল্লাল হোসেন বলেন, চার মাস ধরে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বেগুন বিক্রি করেছেন। যা লাভ হচ্ছে, তা পরিশ্রম অনুযায়ী খুবই কম। কালিয়াকৈর উপজেলার দারিয়াপুর গ্রামের কৃষক এমারত হোসেন প্রতি কেজি ঢ্যাঁড়স ৩৫ থেকে ৪০ টাকা, পটোল ২৫ টাকা ও করলা ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি করেন। তিনি বলেন, আমরাও বুঝতে পারি, এগুলো বাজারে নিয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। খেত থেকেই পাইকারেরা কিনে নিচ্ছেন। আবার অনেক কৃষক পাইকারদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে তাঁদের কাছে সবজি বিক্রি করতে বাধ্য থাকেন।