শনিবার সকাল আটটা। টাঙ্গাইলের ঘাটাইল বাসস্ট্যান্ড। তখনো কুয়াশা কাটেনি। বাসের জন্য অনেকেই অপেক্ষা করছেন। কিন্তু বাস নেই। কাউন্টারও বন্ধ। গতকাল শনিবার ঢাকায় আসার জন্য বাসস্ট্যান্ডে এসে এমন চিত্রই দেখা গেল।
আজ রোববার বিরোধী দলের ঢাকা অভিমুখে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচির জন্য দেশের বিভিন্ন স্থানের মতো টাঙ্গাইলেও ছিল অঘোষিত ‘সরকারি অবরোধ’। টিকিট বুকিং করা থাকলেও ভোরেই বাস কর্তৃপক্ষ জানিয়ে দেয়, তাদের বাসটি যাবে না। এই প্রতিবেদকের মতো অন্য যাত্রীদেরও প্রায় একই অবস্থা।
কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সিএনজিচালিত অটোরিকশায় করে ঘণ্টা খানেক পর টাঙ্গাইলের এলেঙ্গায় এসে দেখা গেল শত শত লোক দাঁড়িয়ে আছেন। কেউ বা ঢাকায় আসবেন, কেউ বা উত্তরাঞ্চলে যাবেন। উত্তরাঞ্চলে দু-একটি বাস গেলেও ঢাকা অভিমুখে কোনো বাস ছিল না।
সকাল তখন সোয়া নয়টা। অনেকের মতো এলেঙ্গা থেকে পাঁচজন মিলে ভাড়া করা অটোরিকশায় কালিয়াকৈরের চন্দ্রায় পৌঁছে দেখা গেল, সেখানেও বাস নেই। পথে স্ট্যান্ডগুলোতে দেখা যায়, অসংখ্য লোক দাঁড়িয়ে আছেন, বাস নেই।
তখন অটোরিকশার দুই সহযাত্রী বলছিলেন, তাঁরা এসেছেন সিরাজগঞ্জ থেকে। একজনের গন্তব্য সাভারের বিকেএসপি। জরুরি প্রয়োজন। তাই নিরুপায় হয়ে ভাড়া করা মোটরসাইকেলে করে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে আসেন এলেঙ্গা পর্যন্ত। তবে সামান্য পথেই তাঁদের একেকজনকে ১৫০ টাকা ভাড়া দিতে হয়। বাসের ভাড়া বড়জোর ৫০-৬০ টাকা। সিএনজির ভাড়াও বেশি।
চন্দ্রা মোড়ে এসে বোঝা গেল, দুর্ভোগ এখানে আরও বেশি। শত শত নারী-পুরুষ ও শিশু দাঁড়িয়ে আছে গন্তব্যে আসার জন্য। ক্লান্ত অনেকে রাস্তার পাশেই বসে আছেন। বেশির ভাগই ঢাকায় আসার চেষ্টা করছেন। এখানে সিএনজিচালিত অটোরিকশার পরিবর্তে ব্যাটারিচালিত ইজিবাইক পাওয়া গেলেও ভাড়া অনেক বেশি। এর মধ্যে দু-একটি লোকাল বাস আসা মাত্রই হুমড়ি খেয়ে পড়ছেন লোকজন। এসব বাস বড়জোর বাইপাইল মোড় পর্যন্ত আসছে। ফলে ইজিবাইক ও ভ্যানই ভরসা।
একটি লোকাল বাসে চেপে ইপিজেডের কাছে আসার আগেই দেখা গেল, লাঠিসোঁটা হাতে কয়েক শ লোক রাস্তায় দাঁড়িয়ে ঢাকামুখী যানবাহনে বাধা দিচ্ছেন। জানা গেল, তাঁরা সরকারি দলের নেতা-কর্মী। বিরোধী দলের ডাকা কর্মসূচিতে আসা মানুষ মনে করে সবাইকেই বিভিন্ন যানবাহন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে।
কোনোমতে সরকারি দলের বাধা পেরিয়ে যাত্রীরা আবার অটোরিকশা, রিকশা, ভ্যানগাড়ি কিংবা অন্যান্য স্থানীয় যানবাহনে ঢাকা অভিমুখে রওনা হচ্ছেন। নবীনগরে এবার পুলিশের বাধা পাওয়া গেল। দেখা গেল, শত শত মানুষ দাঁড়িয়ে। সেখানে দাঁড়িয়ে ছিলেন ৩০-৩৫ বছরের এক যুবক। জানতে চাইলে বললেন, নওগাঁ থেকে তিনি এসেছেন। কীভাবে এলেন প্রশ্নে চোখেমুখে চরম বিরক্তি নিয়ে তিনি বললেন, সে গল্প অনেক লম্বা।
দুপুর ১২টায় নবীনগর থেকে ব্যাটারিচালিত রিকশায় করে সাভার বাসস্ট্যান্ডে থামতে হলো। রিকশার সহযাত্রী জানালেন, তিনি প্রাণ-আরএফলে চাকরি করেন। যশোর থেকে এসেছেন। শুক্রবার রাত নয়টায় রওনা হয়ে ফেরিঘাটে এসে জানতে পারেন, ফেরি বন্ধ। পরে ইঞ্জিনচালিত নৌকায় করে নদী পার হয়ে কোনোমতে নবীনগর পর্যন্ত আসতেই প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে গেছে।
সাভার বাসস্ট্যান্ডের ফুটওভারব্রিজের কাছে আসতেই দেখা যায়, এখানেও লাঠিসোঁটা হাতে কয়েক শ লোক যানবাহন আটকে যাত্রীদের নামতে বাধ্য করছেন। তাঁরাও সরকারি দলের নেতা-কর্মী। কিছুদূর হেঁটে আরেকটি সিএনজিচালিত অটোরিকশায় আমিনবাজারের পথে রওনা হলে হেমায়েতপুরে দেখা গেল যানবাহন আটকে দিচ্ছে পুলিশ। যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। সঙ্গে তল্লাশি।
আমিনবাজার পর্যন্ত আসার পর আবারও পুলিশি বাধা। সেখান থেকে লোকজন ব্যাগ নিয়ে হেঁটেই ঢাকায় আসছেন। গাবতলীতেও তাঁদের পুলিশের তল্লাশির মুখে পড়তে হয়। তখন বেলা দুইটা পেরিয়ে গেছে।