পথে পথে বাধা, মানুষের দুর্ভোগ
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ঢাকা অভিমুখে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি ঠেকাতে গত শুক্রবার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সক্রিয় ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল রোববার তাঁদের বাধার মুখে সড়ক, নৌ ও রেলপথে ঢাকামুখী মানুষ বিভিন্ন স্থানে আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়ে তারা।
টঙ্গী-আবদুল্লাহপুরে যৌথ বাহিনী নিরাপত্তা তল্লাশির নামে সীমাহীন বাড়াবাড়ি করেছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। এঁদের সঙ্গে ছিলেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। টঙ্গী স্টেশন রোডে একটি অ্যাম্বুলেন্সের গতি রোধ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোগী দেখার পরও সেটি অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়।
রাজধানীর অন্যতম প্রবেশপথ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বুড়িগঙ্গা সেতুতে পুলিশের উপস্থিতির পাশাপাশি নেতা-কর্মীদের লাঠিসোঁটা নিয়ে মহড়া দিতে দেখা গেছে। এসব পথে কাউকে পায়ে হেঁটেও ঢাকায় যেতে দেওয়া হয়নি।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, চন্দ্রা ত্রিমোড়, খাড়াজোড় ও বাইপাস এলাকায় ব্যারিকেড দিয়ে যানবাহন থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
ভোর থেকে সাভার বাসস্ট্যান্ড, গেন্ডা, হেমায়েতপুর ও মধুমতি মডেল টাউনের কাছে ভাকুর্তা সেতুর মোড় এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। অটোরিকশাচালক শফিকুল ইসলাম গতকাল ভোরে হেমায়েতপুরে যাত্রী নিয়ে যাওয়ার সময় সাভার বাসস্ট্যান্ড এলাকায় হকার্স লীগের নেতা-কর্মীরা অটোরিকশার গতি রোধ করে তাঁকে লাঞ্ছিত করে যাত্রীদের নামিয়ে দেন।
বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী এনামুর রহমান ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলার নেতৃত্বে লাঠিমিছিল নিয়ে সাভার বাসস্ট্যান্ড এলাকার দিলকুশা মার্কেটের সামনে মহাসড়কে বসে পড়েন।
রাজবাড়ীর গোয়ালন্দে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা দূরপাল্লার যাত্রীবাহী বাস পুলিশের বাধায় ফিরে গেছে। এ সময় ঘাটে আসা অন্য যাত্রীরাও নদী পাড়ি দিতে না পেরে চরম দুর্ভোগের শিকার হন।
বাসযাত্রী ঢাকার মিরপুরের হানিফ মোল্লা বলেন, ‘কলকাতায় পরিবারের সদস্যদের চিকিৎসা শেষ করে শনিবার রাত নয়টায় তাঁদের গাড়ি দৌলতদিয়া ঘাটে পৌঁছায়। সারা রাত এখানে গাড়িতে বসে ছিলাম।’ খুলনা থেকে শনিবার রাতে ৩১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাসচালক কামাল মিয়া গতকাল বেলা একটায় এই ঘাটে পুলিশের বাধায় পড়েন।
নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সাতটি স্থানে যানবাহনে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। ঢাকা-নারায়ণগঞ্জ পথে কাউন্টার সার্ভিস বাস চলাচল বন্ধ ছিল। দ্বিতীয় দিনের মতো ট্রেন চলাচলও বন্ধ ছিল। নরসিংদী থেকে বিএনপির নেতা খায়রুল কবিরের নেতৃত্বে বিএনপির কয়েক শ নেতা-কর্মী গাড়িবহর নিয়ে ঢাকার উদ্দেশে আসার পথে আড়াইহাজারে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধার মুখে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ ২০ জন আহত হন।
কিশোরগঞ্জ-ঢাকা পথে চলাচলকারী আন্তনগর এগারসিন্দুর ট্রেন গতকালও চলেনি। বন্ধ রয়েছে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও ঈশা খাঁ এক্সপ্রেস। দুই দিন ধরে এসব ট্রেন বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী আটকা পড়ে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: নিজস্ব প্রতিবেদক, সাভার ও কিশোরগঞ্জ এবং নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ (ঢাকা), গাজীপুর, টঙ্গী ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি]