পথে পথে ভালোবাসায় সিক্ত কলসিন্দুরের কৃতী মেয়েরা
বাড়ি ফেরার সময় পথে পথে উষ্ণ সংবর্ধনা আর মানুষের ভালোবাসায় সিক্ত হলো কলসিন্দুরের কৃতী ফুটবলার মেয়েরা। সদ্য এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ী বাংলাদেশ দলের ১৮ ফুটবলারের মধ্যে ৮ জনই ময়মনসিংহের প্রত্যন্ত ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের মেয়ে।
ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও ধোবাউড়া উপজেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা দেড়টার দিকে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে প্রথমে ময়মনসিংহ আসে কলসিন্দুরের মেয়েরা। ময়মনসিংহ রেলস্টেশনে তাদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর হায়াৎ খান, সাধারণ সম্পাদক মোর্শেদ জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ও ফুটবল কোচ সালাহ উদ্দিন।
রেলস্টেশনে গিয়ে দেখা যায়, কলসিন্দুরের মেয়েদের দেখতে স্টেশনের চত্বরে ভিড় করেছে সাধারণ মানুষ। বিকেলে ধোবাউড়ায় পৌঁছালে সেখানে কলসিন্দুরের মেয়েদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় উপজেলা ক্রীড়া সংস্থা। ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুজ্জামান খান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই মেয়েদের শুভেচ্ছা জানানো হয়।